রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে ৪ পুলিশ কর্মকর্তা আটক, নজরদারিতে সন্দেহভাজনরা
ডিসেম্বর মাসকে সামনে রেখে সম্ভাব্য নাশকতা ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ঠেকাতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে পুলিশ। সীমান্তবর্তী এলাকা ও গুরুত্বপূর্ণ স্থাপনায় নজরদারি বাড়ানোর পাশাপাশি পুলিশ বাহিনীর ভেতরে থাকা সন্দেহভাজন সদস্যদের কর্মকাণ্ডও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। এরই অংশ হিসেবে রাষ্ট্রবিরোধী ও নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে চার পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার ও আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পুলিশ সদর দপ্তরের মুখপাত্র ও এআইজি (মিডিয়া) কামারুম মুনিরা সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
আইনি পদক্ষেপের মুখে পড়া চার কর্মকর্তা হলেন—পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসান, পুলিশ সুপার মো. আবুল কালাম আজাদ এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. রাকিবুল হাসান।
পুলিশ সদর দপ্তরের মুখপাত্র জানান, ডিসেম্বরে যেকোনো ধরনের নাশকতা ও রাষ্ট্রবিরোধী তৎপরতা প্রতিরোধে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠনের রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন করতে দেওয়া হবে না। পাশাপাশি বাহিনীর অভ্যন্তরে সন্দেহভাজনদের ওপরও নজরদারি চলছে এবং অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আটক চার কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ ও গ্রেপ্তারের বিবরণ:
পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর আলম: চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সে (আরআরএফ) কর্মরত এই কর্মকর্তাকে গত ১৪ নভেম্বর রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ রাখা এবং পুলিশের অভ্যন্তরীণ গোপন তথ্য সরবরাহের অভিযোগ রয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসান: স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি-১৪) ভৈরব কোম্পানির এই কমান্ডারকে ২৪ নভেম্বর গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গোপালগঞ্জে সাম্প্রতিক নাশকতার ঘটনায় তার সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। পরবর্তীতে পল্টন থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
পুলিশ সুপার মো. আবুল কালাম আজাদ: ২৫তম বিসিএস পুলিশ ক্যাডারের এই কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) কর্মরত ছিলেন। বুধবার (২৫ নভেম্বর) ডিবি পুলিশ তাকে গাজীপুর থেকে আটক করে। তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেপ্তারের রিকুইজিশন ছিল।
অতিরিক্ত পুলিশ সুপার মো. রাকিবুল হাসান: ৩৩তম বিসিএসের এই কর্মকর্তাকে বুধবার (২৫ নভেম্বর) নোয়াখালী ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার থেকে আটক করে ডিবি। পরে একটি নিয়মিত মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
