৮ হাজার ১০ কোটি টাকার জ্বালানি তেল আমদানি করবে সরকার
আগামী ২০২৭ সালের দেশের জ্বালানি চাহিদা মেটাতে প্রায় ৮ হাজার ১০ কোটি টাকা ব্যয়ে ডিজেল, ফার্নেস অয়েল ও অকটেন আমদানির উদ্যোগ নিয়েছে সরকার। আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে এসব জ্বালানি তেল আমদানির লক্ষ্যে চারটি পৃথক ক্রয় প্রস্তাবে অনুমোদনের সুপারিশ করেছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে বুধবার (২৫ নভেম্বর) ক্রয় কমিটির ৫৪তম সভায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের পক্ষ থেকে প্রস্তাবগুলো উত্থাপন করা হলে সবকটিই অনুমোদনের জন্য সুপারিশ করা হয়।
অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৭ সালের জানুয়ারি থেকে জুন সময়ের জন্য চারটি প্যাকেজের আওতায় এই তেল কেনা হবে। প্রস্তাবগুলোর বিস্তারিত নিচে তুলে ধরা হলো:
ডিজেল আমদানি (দুটি প্যাকেজ): ০.০০৫ শতাংশ সালফারযুক্ত ডিজেল আমদানির দুটি পৃথক প্রস্তাবেই সর্বনিম্ন দরদাতা হিসেবে ট্রাফিগুরা পিটিই লিমিটেডকে সুপারিশ করা হয়েছে। এর মধ্যে 'পিজি-০৩/১এইচ২০২৭' প্যাকেজের আওতায় ব্যয় হবে ৯৬০ কোটি ৪০ লাখ ৯০ হাজার টাকা এবং 'পিজি-০৪/১এইচ২০২৭' প্যাকেজের আওতায় ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৪৪৪ কোটি ৯৭ লাখ ১০ হাজার টাকা।
হাই সালফার ফার্নেস অয়েল: 'পিজি-০৫/১এইচ২০২৭' প্যাকেজের আওতায় ১৮০ সিএসটি হাই সালফার ফার্নেস অয়েল আমদানিতে ব্যয় নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৪৯৩ কোটি ৬১ লাখ ৪০ হাজার টাকা। এই প্যাকেজেও সরবরাহকারী হিসেবে নির্বাচিত হওয়ার সুপারিশ পেয়েছে ট্রাফিগুরা পিটিই লিমিটেড।
অকটেন আমদানি: 'পিজি-০৬/১এইচ২০২৭' প্যাকেজের আওতায় গ্যাসোলিন ৯৫ আনলেডেড বা অকটেন আমদানিতে ব্যয় হবে ২ হাজার ১১১ কোটি ১৪ লাখ ২০ হাজার টাকা। এ প্রস্তাবে সরবরাহকারী প্রতিষ্ঠান হিসেবে ইউনিপেক সিঙ্গাপুর পিটিই লিমিটেডের নাম সুপারিশ করেছে কমিটি।
সব মিলিয়ে চারটি প্যাকেজে মোট ব্যয় হবে ৮ হাজার ১০ কোটি ১৩ লাখ ৬০ হাজার টাকা।
