তিন বিভাগে নতুন ৪ সরকারি স্কুলে পাঠদানের অনুমতি
চট্টগ্রাম, রাজশাহী ও রংপুরের নতুন চারটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষ থেকে ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত পাঠদান কার্যক্রম শুরু হচ্ছে। এ লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ প্রতিষ্ঠানগুলোকে আগামী তিন বছরের জন্য পাঠদানের অনুমতি প্রদান করেছে।
পাঠদানের অনুমতি পাওয়া নতুন চারটি শিক্ষাপ্রতিষ্ঠান হলো—চট্টগ্রামের পতেঙ্গার ‘মাস্টারদা সূর্যসেন সরকারি স্কুল অ্যান্ড কলেজ’ ও ‘শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর সরকারি স্কুল অ্যান্ড কলেজ’, রংপুরের ‘বীরাঙ্গনা মনছুরা বেগম সরকারি স্কুল অ্যান্ড কলেজ’ এবং রাজশাহীর বোয়ালিয়ার ‘শহীদ জননী জাহানারা ইমাম সরকারি স্কুল অ্যান্ড কলেজ’।
সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উন্নয়ন-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই অনুমোদনের কথা জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, সরকারের ‘৯টি সরকারি মাধ্যমিক বিদ্যালয় স্থাপন (দ্বিতীয় সংশোধিত)’ প্রকল্পের আওতায় নির্মিত এই প্রতিষ্ঠানগুলোতে ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা—এই তিন বিভাগেই শিক্ষার্থী ভর্তি ও পাঠদান কার্যক্রম পরিচালনা করা যাবে। ২০২৭ শিক্ষাবর্ষ থেকে পূর্ণাঙ্গ একাডেমিক কার্যক্রম শুরুর লক্ষ্যমাত্রা নিয়ে প্রাথমিকভাবে তিন বছরের জন্য এই অনুমতি দেওয়া হয়েছে।
