ডিসেম্বরে মাঠে গড়াচ্ছে ডিএসসিসি ফুটবল কাপ, থাকছে নারী টুর্নামেন্টও
তরুণ প্রজন্মকে মাদক ও সামাজিক অপরাধ থেকে দূরে রেখে খেলাধুলায় সম্পৃক্ত করা এবং রাজধানীতে ফুটবলের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার লক্ষ্যে আগামী ডিসেম্বরে শুরু হচ্ছে ‘ডিএসসিসি ফুটবল কাপ ২০২৬’। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় অংশ নেবে ডিএসসিসি এলাকার ২৪টি থানা। পাশাপাশি স্কুলছাত্রীদের নিয়ে আয়োজন করা হবে আলাদা নারী ফুটবল টুর্নামেন্ট।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে রাজধানীর নগর ভবন মিলনায়তনে টুর্নামেন্টের প্রস্তুতিমূলক মতবিনিময় সভায় এসব পরিকল্পনার কথা জানান ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম।
আয়োজকদের পরিকল্পনা অনুযায়ী, ডিএসসিসি এলাকার ২৪টি থানাকে চারটি জোনে ভাগ করে মূল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। নারীদের খেলাধুলায় উৎসাহিত করতে নির্দিষ্ট বয়সসীমার মধ্যে বিভিন্ন থানার স্কুলছাত্রীদের অংশগ্রহণে পৃথক নারী ফুটবল টুর্নামেন্ট আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।
ডিসেম্বরের প্রথম সপ্তাহে জাতীয় স্টেডিয়ামে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে টুর্নামেন্টের উদ্বোধন করতে চান আয়োজকেরা। উদ্বোধনী অনুষ্ঠানে আতশবাজি, কনসার্টসহ বিভিন্ন সাংস্কৃতিক আয়োজন রাখার বিষয়টিও বিবেচনা করা হচ্ছে।
টুর্নামেন্টের নীতিমালা প্রণয়ন, খেলোয়াড় বাছাই, দলগুলোর গ্রুপিং ও রেফারিংয়ের দায়িত্বে থাকবেন সাবেক ফুটবলার ও ক্রীড়াসংশ্লিষ্ট ব্যক্তিরা। প্রতিটি দলে স্থানীয় খেলোয়াড়দের প্রাধান্য দেওয়া হবে। পাশাপাশি বহিরাগত খেলোয়াড়ের সংখ্যা নীতিমালার মাধ্যমে নির্ধারণ করা হবে।
ডিসেম্বরে রাজনৈতিক কর্মসূচির সঙ্গে সমন্বয় করে খেলার তারিখ নির্ধারণ করা হবে, যাতে রাজনৈতিক কর্মসূচি ও খেলাধুলা সাংঘর্ষিক না হয়।
মতবিনিময় সভায় ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম বলেন, রাজনীতির পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চার ক্ষেত্রেও সবাইকে সম্পৃক্ত করতে চায় সিটি করপোরেশন। খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে পুরো ঢাকা শহরের মানুষকে একত্রিত করাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য।
তিনি বলেন, এ টুর্নামেন্টের মাধ্যমে তরুণেরা মাদক ও সন্ত্রাস থেকে দূরে থেকে মাঠমুখী হবেন। একই সঙ্গে স্থানীয় পর্যায়ের খেলোয়াড়দের প্রতিভা বিকাশ এবং সামাজিক সম্প্রীতি জোরদার হবে বলে আশা করছেন আয়োজকেরা।
সভায় ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব তানভীর আহমেদ রবিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল, যুগ্ম আহ্বায়ক আ ন ম সাইফুল ইসলাম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং বিভিন্ন ওয়ার্ড থেকে আসা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
