বাংলাদেশিদের জন্য কানাডার ভিসা সহজ ও দ্রুত করার আশ্বাস
বাংলাদেশের বৈধ ভ্রমণকারী, শিক্ষার্থী ও ব্যবসায়ীদের জন্য ভিসা প্রক্রিয়া আরও দ্রুত ও সহজ করার আশ্বাস দিয়েছে কানাডা। একই সঙ্গে বাংলাদেশের মেধাবী শিক্ষার্থী ও দক্ষ পেশাজীবীদের কানাডায় স্বাগত জানাতে আগ্রহ প্রকাশ করেছে দেশটি।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে কানাডার গ্লোবাল অ্যাফেয়ার্সের অ্যাসিস্ট্যান্ট ডেপুটি মিনিস্টার (ইন্দো-প্যাসিফিক) ওয়েলডন এপ এ আশ্বাস দেন।
সাক্ষাৎকালে অনিয়মিত অভিবাসন রোধ, নিরাপদ ও নিয়মিত অভিবাসন উৎসাহিত করা, দক্ষ জনশক্তি রপ্তানি, সাইবার নিরাপত্তা, যৌথ বিনিয়োগ এবং রোহিঙ্গা সংকটসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ ও কানাডা দীর্ঘদিনের বন্ধু ও উন্নয়ন অংশীদার। কানাডার শ্রমবাজারের চাহিদা অনুযায়ী বাংলাদেশ থেকে বৈধ পথে দক্ষ জনশক্তি নেওয়ার আহ্বান জানান তিনি। এ ক্ষেত্রে নার্সিং, মেডিকেল টেকনোলজি, হোম কেয়ার, মেরিন ক্যাডেট ও হসপিটালিটি খাতে বাংলাদেশের প্রশিক্ষিত জনবলের কথা তুলে ধরেন মন্ত্রী।
তিনি বলেন, কানাডা চাইলে নিজস্ব প্রশিক্ষক পাঠিয়ে অথবা যৌথ উদ্যোগে বিশেষায়িত প্রশিক্ষণ একাডেমি প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশে দক্ষ জনবল তৈরি করতে পারে। জবাবে ওয়েলডন এপ বিষয়টিকে ইতিবাচক হিসেবে অভিহিত করে বলেন, কানাডার অর্থনীতিতে নার্স, কেয়ারগিভারসহ বিভিন্ন খাতে দক্ষ শ্রমশক্তির চাহিদা রয়েছে।
বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ নিয়েও আলোচনা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী কোস্টগার্ডের জন্য নদী ও উপকূলীয় টহল নৌযান এবং পুলিশের জন্য সাইবার নিরাপত্তা ও যোগাযোগ সরঞ্জাম সংগ্রহে উন্নত প্রযুক্তির প্রতি বাংলাদেশের আগ্রহের কথা জানান।
রোহিঙ্গা সংকট নিয়েও দুই পক্ষের মধ্যে আলোচনা হয়। কানাডার অ্যাসিস্ট্যান্ট ডেপুটি মিনিস্টার জানান, অভিবাসনের সংখ্যা সীমিত করার উদ্যোগের মধ্যেও বাংলাদেশ থেকে রোহিঙ্গা পুনর্বাসনের সংখ্যা বাড়িয়েছে কানাডা। পাশাপাশি এ সংকট সমাধানে আসিয়ানভুক্ত দেশগুলোকে আরও সক্রিয় ভূমিকা পালনে উৎসাহিত করছে দেশটি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে বাংলাদেশ মানবিকতার পরিচয় দিয়েছে। আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর মিয়ানমারের ওপর চীন, আসিয়ান ও আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ আরও বাড়ানো প্রয়োজন। রোহিঙ্গারা যাতে নাগরিকত্ব, নিরাপদ ভূমি ও জীবিকার নিশ্চয়তাসহ স্বেচ্ছায় নিজ দেশে ফিরতে পারে, সে পরিবেশ নিশ্চিত করতে হবে।
এ সময় মিয়ানমারকেন্দ্রিক সাইবার প্রতারণা, মাদক ও মানব পাচারকে গুরুতর আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা ঝুঁকি হিসেবে উল্লেখ করে তা মোকাবিলায় সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব দেন স্বরাষ্ট্রমন্ত্রী।
বৈঠকে কানাডার হাইকমিশনার অজিত সিং, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমেদ, যুগ্মসচিব রেবেকা খান, কানাডার হাইকমিশনের পলিটিক্যাল কাউন্সেলর মার্কাস ডেভিস, হেড অব এইড সুজান কুইন, ট্রেড কমিশনার কামাল উদ্দিনসহ দুই দেশের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
