সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পেলেন ৩ উপসচিব
বাংলাদেশ সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা বজায় রাখতে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তিনজন উপসচিবকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করা হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতাপ্রাপ্ত ওই তিন উপসচিব হলেন—মো. তোফায়েল হোসেন, কাজী আরিফুর রহমান এবং মোছা. ফুয়ারা খাতুন।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ‘দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউর, ১৮৯৮’-এর ১০(৫) ধারা এবং ‘মোবাইল কোর্ট আইন, ২০০৯’-এর ৫ ধারার বিধান অনুযায়ী তাঁদের এই ক্ষমতা দেওয়া হয়েছে। তবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার আগে সংশ্লিষ্ট জেলা প্রশাসককে অবহিত করার শর্ত দেওয়া হয়েছে।
এ ছাড়া ভ্রাম্যমাণ আদালত পরিচালনার যাবতীয় তথ্য নির্ধারিত ছকে প্রতি মাসের শেষ কর্মদিবসে সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেটের কাছে প্রতিবেদন আকারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে প্রজ্ঞাপনে।
