বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী, প্রথম ফ্লাইট বৃহস্পতিবার
সরকারি ব্যবস্থাপনায় সম্পূর্ণ বিনা খরচে মালয়েশিয়ায় কর্মসংস্থানের সুযোগ পাচ্ছেন বাংলাদেশের ১১২ জন কর্মী। তাঁদের নিয়ে আগামী বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মালয়েশিয়ার উদ্দেশে প্রথম ফ্লাইট ছেড়ে যাবে। এই ফ্লাইটের মধ্য দিয়েই দেশটিতে শূন্য অভিবাসন ব্যয়ে কর্মী পাঠানোর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হচ্ছে।
বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) সূত্রে এ তথ্য জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সম্পূর্ণ বিনা খরচে এই কর্মীরা বিশ্বখ্যাত লজিস্টিক প্রতিষ্ঠান ‘ডিএইচএল সাপ্লাই চেইন মালয়েশিয়া’য় কাজে যোগ দিতে যাচ্ছেন। তাঁদের বিমানভাড়াসহ অভিবাসনের যাবতীয় ব্যয় বহন করছে নিয়োগদাতা প্রতিষ্ঠানটি।
সরকারি ঘোষণা অনুযায়ী, প্রথম ধাপে মোট ১০ হাজার কর্মীকে বিনা খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে। এই প্রক্রিয়ায় শূন্য অভিবাসন ব্যয়ে নিয়োগ পেতে গত ৬ থেকে ৮ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত অনলাইনে মোট ৪ হাজার ২৯টি আবেদন জমা পড়ে। আবেদনকারীদের মধ্য থেকে অনলাইন অটোমেশন বা লটারির মাধ্যমে প্রাথমিকভাবে ৩০০ জন প্রার্থীকে নির্বাচন করা হয়েছিল।
তবে দুই দিনব্যাপী নির্ধারিত সাক্ষাৎকারে ওই ৩০০ জনের মধ্যে বেশ কয়েকজন প্রার্থী অনুপস্থিত থাকেন। ফলে পূর্বনির্বাচিত ৩০০ জন বাদে অবশিষ্ট আবেদনকারীদের তালিকা থেকে লটারির মাধ্যমে নতুন করে আরও ৫০ জন প্রার্থীকে সাক্ষাৎকারে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়। পরবর্তীতে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার মাধ্যমে যাচাই-বাছাই শেষে ১১২ জন কর্মীকে চূড়ান্তভাবে নিয়োগ দেয় ডিএইচএল সাপ্লাই চেইন মালয়েশিয়া।
