পোশাকশ্রমিকের ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকা প্রস্তাব মালিকদের
তৈরি পোশাকশিল্পের শ্রমিক ও কর্মচারীদের ন্যূনতম মাসিক মজুরি ১৫ হাজার ৭০০ টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ। মঙ্গলবার মজুরি বোর্ডের বৈঠকে আগের প্রস্তাব সংশোধন করে নতুন এ অঙ্ক তুলে ধরা হয়। তবে শ্রমিকপক্ষের দাবির সঙ্গে মালিকদের প্রস্তাবের ব্যবধান এখনো কতটা রয়েছে, তা নিয়ে আলোচনা চলছে।
মঙ্গলবার দুপুর ২টায় রাজধানীর সেগুনবাগিচায় মজুরি বোর্ডের কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানীর সভাপতিত্বে সভায় মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিরা অংশ নেন।
বৈঠকের বিরতিতে বিকেল সাড়ে ৪টার দিকে বোর্ডের চেয়ারম্যান আজাদ সুবহানী মালিকপক্ষের প্রস্তাবের বিষয়টি জানান।
তিনি বলেন, মালিকপক্ষ প্রথমে চতুর্থ গ্রেডের ন্যূনতম মজুরি ১৫ হাজার টাকা প্রস্তাব করেছিল। পরে তা বাড়িয়ে ১৫ হাজার ৫০০ টাকা করা হয়। সর্বশেষ প্রস্তাবে চতুর্থ গ্রেডের ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকা নির্ধারণের কথা বলা হয়েছে।
মালিক ও শ্রমিকপক্ষের লিখিত মজুরি প্রস্তাব পর্যালোচনা এবং তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণের সুপারিশ প্রণয়নে এ আলোচনা চলছে।
এর আগে সোমবার মজুরি বোর্ডের তৃতীয় সভা অনুষ্ঠিত হয়। দুপুর পৌনে ১২টায় শুরু হওয়া ওই সভা দীর্ঘ আলোচনা শেষে রাত ৯টার দিকে মুলতবি করা হয়। সেদিন মালিকপক্ষের প্রাথমিক প্রস্তাব উপস্থাপন করা হলেও দুই পক্ষের প্রস্তাবের মধ্যে বড় ব্যবধান থাকায় আলোচনা শেষ করা সম্ভব হয়নি। পরে মঙ্গলবার আবার বৈঠকে বসার সিদ্ধান্ত হয়।
মজুরি বোর্ডের তৃতীয় সভায় প্রথমবারের মতো মালিক ও শ্রমিকপক্ষের তিন বিশেষজ্ঞ প্রতিনিধি অংশ নেন। মালিকপক্ষের বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত ছিলেন তৈরি পোশাক উৎপাদন ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান এবং সংগঠনটির সিনিয়র অতিরিক্ত সচিব নূর মোহাম্মদ রাসেল।
অন্যদিকে শ্রমিকপক্ষের বিশেষজ্ঞ হিসেবে সভায় অংশ নেন বাংলাদেশ মুক্ত গার্মেন্টস শ্রমিক ইউনিয়ন ফেডারেশনের সাধারণ সম্পাদক রাশদুল আলম রাজু।
নতুন মজুরি কাঠামো নিয়ে দুই পক্ষের প্রস্তাব ও মতামত পর্যালোচনা করে সুপারিশ চূড়ান্ত করার প্রক্রিয়া চলছে মজুরি বোর্ডে। মালিকপক্ষের সর্বশেষ প্রস্তাব ১৫ হাজার ৭০০ টাকা হলেও শ্রমিকদের প্রত্যাশিত মজুরি কত এবং দুই পক্ষের মধ্যে সমঝোতা কোন পর্যায়ে পৌঁছায়, এখন সেদিকেই নজর সংশ্লিষ্টদের।
