গাজীপুরে শ্রমিক বিক্ষোভ-সংঘর্ষ, ৭০ কারখানায় ছুটি, ৩২টি বন্ধ
ছবি সংগৃহীত
ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে গাজীপুরের শিল্পাঞ্চল। মঙ্গলবার সকাল থেকে গাজীপুর মহানগরী ও শ্রীপুরের বিভিন্ন এলাকায় বিক্ষোভ, সড়ক অবরোধ এবং শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদুনে গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। শ্রমিক অসন্তোষের মুখে ৭০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। এ ছাড়া ৩২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল থেকে কোনাবাড়ী, জরুন, ভোগড়া, নাওজোর, ভবানীপুর, মাস্টারবাড়ী, মেম্বারবাড়ী ও বাঘের বাজার এলাকায় শ্রমিকেরা বিক্ষোভে নামেন।
গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন জানান, সকাল থেকে শ্রীপুর ও গাজীপুর মহানগরীর কোনাবাড়ী ও জরুন এলাকায় কয়েকটি কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদুনে গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।
তিনি আরও জানান, শ্রমিক অসন্তোষের কারণে সকালে ৭০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়। পাশাপাশি ৩২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
পুলিশ ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, সকালে ইসলাম ও রিপন গার্মেন্টসের শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে কারখানার আশপাশে জড়ো হন। ইসলাম গার্মেন্টসের একজন শ্রমিক মারা গেছেন—এমন খবর ছড়িয়ে পড়লে শ্রমিকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে লাঠিসোঁটা নিয়ে তাঁরা আঞ্চলিক সড়কে অবস্থান নেন।
এ সময় পুলিশ শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরানোর চেষ্টা করে। তবে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সকাল পৌনে ১০টার দিকে কাঁদুনে গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়। এ ঘটনায় ওই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বর্তমানে সেখানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
কোনাবাড়ী থানার ওসি ইফতেখার হোসেন বলেন, শ্রমিকেরা সড়ক অবরোধের চেষ্টা করেছিলেন। পরে তাঁদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে।
অন্যদিকে, ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকায়ও শ্রমিকেরা বিক্ষোভ করেন। সেখানে বিভিন্ন শিল্পকারখানার শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৯টার দিকে মাস্টারবাড়ী ও মেম্বারবাড়ী এলাকার কয়েকটি কারখানার শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নিয়ে বেতন বাড়ানোর দাবিতে বিক্ষোভ শুরু করেন। একই সময়ে পাশের বাঘের বাজারের নতুন বাজার এলাকাতেও শ্রমিকেরা সড়ক অবরোধ করেন।
এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। ভোগান্তিতে পড়েন কর্মস্থলগামী মানুষসহ দূরপাল্লার যাত্রীরা।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়। এরপর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিকে কেন্দ্র করে দিনভর একাধিক শিল্পাঞ্চলে উত্তেজনা ছড়িয়ে পড়ায় গাজীপুরের পোশাকশিল্পে অস্থিরতা তৈরি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শিল্পাঞ্চলের বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে।
