হাতিরঝিলে কাতারপ্রবাসীকে গুলি, আরেকজনকে কুপিয়ে জখম
ছবি সংগৃহীত
রাজধানীর হাতিরঝিলে সন্ত্রাসী হামলায় দুই কাতারপ্রবাসী আহত হয়েছেন। তাঁদের মধ্যে একজনের বুকে গুলি করা হয়েছে। এ ছাড়া তাঁর হাত-পায়েও ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে। অপরজনকে কুপিয়ে ডান পা জখম করেছে দুর্বৃত্তরা।
সোমবার (২৩ নভেম্বর) দুপুর দেড়টার দিকে হাতিরঝিলের ওয়াপদা রোডের বাগিচারটেক এলাকায় একটি রিকশার গ্যারেজের সামনে এ হামলার ঘটনা ঘটে। আহত দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন, সানাউল্লাহ গনি ওরফে বাবু (২৫) ও শরিফ (২৮)। সানাউল্লাহর বুকে গুলি করা হয়েছে এবং হাত-পায়ে কোপানো হয়েছে। অন্যদিকে শরিফের ডান পায়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে।
সানাউল্লাহ বরিশালের গৌরনদী উপজেলার পয়সা বাকাই বাজার এলাকার বারেক শেখের ছেলে। তিনি দুই মাস আগে ছুটিতে দেশে আসেন। অপর আহত শরিফ কুমিল্লার চান্দিনা উপজেলার কুটুমপুকুর গ্রামের বেল্লাল হোসেনের ছেলে। তাঁরা দুজনই হাতিরঝিলের বাগিচারটেক এলাকায় বসবাস করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, আহত দুজনকে হাসপাতালের জরুরি বিভাগের ৪ নম্বর ওয়ার্ডে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। হামলার বিষয়টি হাতিরঝিল থানা পুলিশকে জানানো হয়েছে।
সানাউল্লাহর খালাতো ভাই মনিরের অভিযোগ, দুপুরে তাঁরা একটি রিকশার গ্যারেজে অবস্থান করছিলেন। এ সময় স্থানীয় ‘টোকাই সুজন’ গ্রুপের সদস্য হাসনাইন, হাসিব, নূরুসহ কয়েকজন অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা গুলি ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়।
মনির আরও জানান, ঘটনার পর গ্যারেজের এক রিকশাচালক সানাউল্লাহকে প্রথমে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর শারীরিক অবস্থার অবনতি হলে বিকেলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
