সহিংসতা দমনে সরকারের পদক্ষেপ ‘সমানুপাতিক’: ইইউ রাষ্ট্রদূত
ছবি সংগৃহীত
রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে সাম্প্রতিক সংঘাতের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর পদক্ষেপকে সমানুপাতিক বলে মনে করছেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার। তাঁর মতে, গণতান্ত্রিক সমাজে ভিন্নমত ও শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার থাকলেও সহিংসতা, উসকানি এবং জননিরাপত্তা বিঘ্নিত করার কোনো সুযোগ নেই।
সোমবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত ‘ডিক্যাব টক’ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে সাম্প্রতিক সংঘাত এবং আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্নের জবাবে মাইকেল মিলার বলেন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে বিভিন্ন চ্যালেঞ্জ দেখা যাচ্ছে। তবে সরকারি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় তাঁরা প্রতিক্রিয়া যেন সমানুপাতিক হয়, সেই বার্তা দিয়ে আসছেন। তাঁর বিবেচনায়, সরকারের প্রতিক্রিয়া সমানুপাতিক হয়েছে।
শান্তিপূর্ণ প্রতিবাদ ও সহিংসতার মধ্যে পার্থক্য তুলে ধরে ইইউ রাষ্ট্রদূত বলেন, গণতান্ত্রিক সমাজে ভিন্নমত প্রকাশের সুযোগ রয়েছে। কিন্তু কোনো কর্মকাণ্ড বেআইনি হলে, জনশৃঙ্খলা ও জননিরাপত্তা বিঘ্নিত করলে কিংবা কোনো ব্যক্তি বা সংগঠন সংঘাত এড়িয়ে না চলে বরং উসকানি দেয়, তা গ্রহণযোগ্য হতে পারে না।
তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়ন আইনের শাসন ও মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল। তাই সমাবেশ ও মতপ্রকাশের স্বাধীনতাকে সমর্থন করলেও সংঘাতের উসকানি এবং ঘৃণা ছড়ানোর বিরোধিতা করে ইইউ।
বাংলাদেশের চলমান রাজনৈতিক রূপান্তর প্রসঙ্গে মাইকেল মিলার বলেন, রাজনৈতিক পরিবর্তন একটি জটিল প্রক্রিয়া। এটি রাতারাতি অর্জন করা সম্ভব নয়; এর জন্য দীর্ঘ সময় এবং সংস্কারের ক্ষেত্রে দৃঢ় অবস্থান প্রয়োজন।
তিনি বলেন, ইউরোপের বিভিন্ন দেশও রাজনৈতিক রূপান্তরের সময় একই ধরনের সংগ্রামের মধ্য দিয়ে গেছে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতির সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের কয়েকটি সদস্য দেশের অতীত অভিজ্ঞতার মিল রয়েছে।
রাজনৈতিক সংস্কার এগিয়ে নিতে নির্বাচনের পর থেকেই সরকারের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখার কথা জানিয়ে তিনি বলেন, সংস্কারের বিষয়ে সমর্থনের স্পষ্ট বার্তা দিতে চায় ইইউ। এ ক্ষেত্রে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব পাওয়া রাজনৈতিক দলগুলোর মধ্যে বৃহত্তর ঐকমত্য প্রত্যাশা করে সংস্থাটি।
দেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়েও আশাবাদ ব্যক্ত করেন ইইউ রাষ্ট্রদূত। তাঁর ভাষায়, বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে বলে তাঁর পূর্ণ আস্থা আছে। তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের মজুরি পরিস্থিতিরও উন্নতি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকা এবং এ বিষয়ে বিপরীতমুখী বক্তব্যের মধ্যে দলটির কার্যক্রম নিয়ে ইইউর অবস্থান জানতে চাইলে মাইকেল মিলার বলেন, এ বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের কোনো অবস্থান নেই। এ বিষয়ে তাঁর বক্তব্য ব্যক্তিগত।
তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের নেওয়া পদক্ষেপগুলো এখনো চলমান রয়েছে। ইইউ একটি স্থিতিশীল ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায়। এর জন্য প্রয়োজন ন্যায়বিচার, অতীতের মানবাধিকার লঙ্ঘনের জবাবদিহি এবং আইনের শাসনের প্রতি শ্রদ্ধা। পাশাপাশি সংঘাত পরিহার করে জনশৃঙ্খলা ও জননিরাপত্তার প্রতি সম্মান দেখাতে হবে।
রাজনৈতিক সংস্কার ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর ভূমিকা তুলে ধরে মাইকেল মিলার বলেন, গণতন্ত্র কেবল নির্বাচন বা সংসদের মধ্যে সীমাবদ্ধ নয়; রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতাও এর গুরুত্বপূর্ণ অংশ।
বিগত আওয়ামী লীগ সরকারের সময় নাগরিকদের সঙ্গে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর আস্থার সম্পর্ক ভেঙে পড়েছিল বলে মন্তব্য করেন তিনি। তাঁর ভাষায়, পূর্ববর্তী শাসনামলে নাগরিক ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের মধ্যকার আস্থার জায়গাটি এমনভাবে শূন্য করে দেওয়া হয়েছিল, যেন প্রতিষ্ঠানগুলো কার্যত অনুপস্থিত ছিল।
গণতান্ত্রিক রূপান্তর সফল করতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর ওপর জনগণের আস্থা ফিরিয়ে আনা এবং জবাবদিহি নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন ইইউ রাষ্ট্রদূত।
