উবারের বহরে বৈদ্যুতিক গাড়ি চান প্রতিমন্ত্রী মীর হেলাল
ছবি : সংগৃহীত
উবারের গাড়ির বহরে বৈদ্যুতিক যানবাহন (ইভি) যুক্ত করার আহ্বান জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। তাঁর মতে, বৈদ্যুতিক গাড়ির পরিচালন ব্যয় কম হওয়ায় যাত্রীরা সাশ্রয়ী ভাড়ায় চলাচলের সুযোগ পাবেন। একই সঙ্গে চালক ও উবার কোম্পানিও আর্থিকভাবে লাভবান হবে। কমবে কার্বন নিঃসরণ, সুরক্ষিত হবে পরিবেশ।
রোববার রাজধানীর গুলশানে হোটেল দ্য ওয়েস্টিনের অডিটোরিয়ামে বাংলাদেশে উবারের ১০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, প্রচলিত তেল ও গ্যাসচালিত যানবাহনের পাশাপাশি উবারের বহরে বৈদ্যুতিক গাড়ি চালু করা এখন সময়ের দাবি। জ্বালানি খরচ কমানো এবং পরিবেশবান্ধব যাতায়াত নিশ্চিত করতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
দেশের যোগাযোগ অবকাঠামো উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে মীর হেলাল বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রতিটি অঞ্চলে আধুনিক যোগাযোগব্যবস্থা গড়ে তুলতে সড়ক প্রশস্তকরণ ও সংস্কার কার্যক্রম জোরদার করেছেন। নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে প্রধান মহাসড়কগুলো আট লেনে উন্নীত করার কাজ চলছে।
তিনি বলেন, আধুনিক সড়ক অবকাঠামোর সুফল পেতে এবং যান চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনতে রাইড শেয়ারিং প্রতিষ্ঠানগুলোকেও সময়ের সঙ্গে নিজেদের সেবার মান উন্নত করতে হবে।
বাংলাদেশে উবারের জনপ্রিয়তার কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, প্রযুক্তিনির্ভর এ পরিবহনসেবা সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে সাড়া ফেলেছে। অ্যাপের মাধ্যমে গাড়ি ভাড়া করার ব্যবস্থাও বেশ উন্নত। তবে যাত্রীদের ক্রমবর্ধমান চাহিদা বিবেচনায় দ্রুত সেবা নিশ্চিত করার পাশাপাশি চালকদের ট্রাফিক আইন ও সড়ক নিরাপত্তাবিধি মেনে চলার বিষয়ে উবার কর্তৃপক্ষকে আরও নজর দিতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সড়ক ও সেতু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ বলেন, দেশের সড়ক ও পরিবহন ব্যবস্থাপনায় আমূল পরিবর্তন আনার লক্ষ্যে কাজ করছে সরকার। সড়কে বৈদ্যুতিক যানবাহন চালু এবং আধুনিক ট্রাফিক আইন বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, স্মার্ট সড়ক ব্যবস্থাপনা ও আধুনিক নীতিমালা বাস্তবায়িত হলে উবারের মতো প্রযুক্তিনির্ভর পরিবহনসেবা প্রতিষ্ঠানগুলো দেশের মানুষকে আরও উন্নত সেবা দিতে পারবে।
অনুষ্ঠানে সংসদ সদস্য বিথিকা বিনতে হোসাইন, ইনভেস্টমেন্ট সার্ভিসের মহাপরিচালক গাজী একেএম ফজলুল হক, নগর পরিকল্পনাবিদ অধ্যাপক আদিল মোহাম্মদ খান এবং উবার বাংলাদেশের কান্ট্রি হেড এসএম জমশেদ হাসানসহ বিভিন্ন পর্যায়ের অতিথিরা উপস্থিত ছিলেন।
