গ্রামীণ ব্যাংকের শতাধিক শাখায় হামলার অভিযোগ, অপরাধীদের বিচারের দাবি ইউনূসের
ছবি সংগৃহীত
গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় ধারাবাহিক অগ্নিসংযোগ ও পেট্রলবোমা হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন নোবেলজয়ী অধ্যাপক ও অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এসব হামলা বন্ধের পাশাপাশি জড়িত ব্যক্তিদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি।
সোমবার (২৩ নভেম্বর) দেওয়া এক বিবৃতিতে ড. ইউনূস বলেন, নভেম্বরের শুরু থেকে প্রায় প্রতিদিনই পেট্রলবোমা দিয়ে গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় হামলা চালানো হচ্ছে। শুধু চলতি মাসেই দেশের প্রায় ১০০টি শাখায় একই ধরনের হামলার ঘটনা ঘটেছে বলে দাবি করেন তিনি।
বিবৃতিতে সাম্প্রতিক অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনায় উদ্বেগ জানিয়ে ড. ইউনূস বলেন, এসব ঘটনার সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্দেহভাজন কর্মীরা জড়িত বলে তাঁর দাবি। চট্টগ্রামে তাঁর নিজের বাড়িও হামলার লক্ষ্যবস্তু হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
গ্রামীণ ব্যাংকের মালিকানা ও পরিচালনা নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে উল্লেখ করে ড. ইউনূস বলেন, ব্যাংকটি দরিদ্র মানুষের, বিশেষ করে নারীদের মালিকানাধীন প্রতিষ্ঠান। এর ৯০ শতাংশ শেয়ারের মালিক ঋণগ্রহীতারা এবং বাকি ১০ শতাংশ সরকারের।
তিনি বলেন, ২০১১ সালে আওয়ামী লীগ সরকার তাঁকে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে অপসারণ করে। এরপর থেকে ব্যাংকটির ব্যবস্থাপনা বা পরিচালনায় তাঁর কোনো সম্পৃক্ততা নেই। ব্যাংকটির কোনো শেয়ারের মালিক তিনি নন, কখনো ছিলেনও না।
গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্রঋণ কার্যক্রমের আন্তর্জাতিক স্বীকৃতির কথা তুলে ধরে ড. ইউনূস বলেন, দারিদ্র্য থেকে বেরিয়ে আসার পথ তৈরিতে ব্যাংকটির মডেল বিশ্বের বিভিন্ন দেশে অনুসরণ করা হয়েছে। বর্তমানে ব্যাংকটির ১ কোটি ১০ লাখ ঋণগ্রহীতার ৯৭ শতাংশ নারী। ঋণ আদায়ের হার ৯৫ শতাংশের বেশি।
এই নারীরাই ব্যাংকটির প্রকৃত মালিক উল্লেখ করে তিনি বলেন, ব্যাংকের ওপর হামলা মানে লাখ লাখ নারীর নিরাপত্তা, স্বাধীনতা ও তাঁদের সন্তানদের ভবিষ্যতের ওপর সরাসরি আঘাত।
বিবৃতিতে আরও বলা হয়, নভেম্বরের শুরু থেকে গ্রামীণ ব্যাংকের শাখাগুলোতে পেট্রলবোমা হামলার সময় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হচ্ছে। হামলার ধরন দেখে এসব ঘটনা পরিকল্পিত বলে মনে হচ্ছে। কয়েকটি ঘটনায় ব্যাংকের কর্মকর্তা ও ঋণগ্রহীতারা প্রাণঘাতী হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন। এসব ঘটনায় গ্রামীণ নারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
ড. ইউনূস বলেন, সহিংসতা শুধু গ্রামীণ ব্যাংকের মধ্যেই সীমাবদ্ধ নেই। একই ধারাবাহিকতায় জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন দেওয়া হয়েছে। এ ছাড়া বিএনপির তিন সংসদ সদস্যের বাড়ি এবং তিনটি থানায়ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
গ্রামীণ ব্যাংকের ১ কোটি ১০ লাখ মালিক, কর্মকর্তা-কর্মচারী এবং গুরুত্বপূর্ণ নথিপত্রের নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আরও জোরদার নিরাপত্তা চাওয়া হয়েছে বলেও জানান তিনি।
ব্যাংকটির কার্যক্রম নির্বিঘ্ন রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে ড. ইউনূস বলেন, হামলার ঘটনায় দ্রুত পদক্ষেপ নেওয়ায় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছেন। তবে প্রতিটি অপরাধীকে দ্রুত বিচারের আওতায় আনতে হবে।
একই সঙ্গে গ্রামীণ ব্যাংকের শাখায় হামলার বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য দেশ-বিদেশের সংশ্লিষ্ট ব্যক্তি ও মহলের প্রতি আহ্বান জানান তিনি।
