ডব্লিউএইচওর আঞ্চলিক পরিচালক পদে ভোট চাইতে ঢাকায় ভুটানের সাবেক প্রধানমন্ত্রী
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া আঞ্চলিক কার্যালয়ের (সিয়ারো) আঞ্চলিক পরিচালক পদে নিজের প্রার্থিতার পক্ষে বাংলাদেশের সমর্থন চাইতে ঢাকায় এসেছেন ভুটানের সাবেক প্রধানমন্ত্রী সাংগে নিদুপ।
রোববার (২২ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।
সাক্ষাৎকালে সাংগে নিদুপ ডব্লিউএইচও সিয়ারোর আঞ্চলিক পরিচালক পদে ভুটানের প্রার্থী হিসেবে তার অবস্থান তুলে ধরেন। এ সময় তিনি সংস্থাটির সদস্য দেশগুলোর মধ্যে জনস্বাস্থ্য খাতে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা ও দৃষ্টিভঙ্গি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর কাছে উপস্থাপন করেন।
উল্লেখ্য, সাংগে নিদুপ ভুটানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি দেশটির স্বাস্থ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন। আসন্ন নির্বাচনে তিনি ডব্লিউএইচও সিয়ারোর আঞ্চলিক পরিচালক পদে ভুটানের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
