যুদ্ধজাহাজের ভেতরে উঁকি দিতে জনতার ঢল
ছবি: সংগৃহীত
সাগরের উত্তাল ঢেউয়ে দেশের সার্বভৌমত্ব রক্ষা, সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিত করা এবং জাতীয় স্বার্থ সংরক্ষণে বাংলাদেশ নৌবাহিনীর ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ, তা কাছ থেকে দেখার সুযোগ পেলেন সাধারণ মানুষ। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে দেশের পাঁচটি স্থানে নৌবাহিনীর যুদ্ধজাহাজ ও অন্যান্য জাহাজ সর্বসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত করে দেওয়া হলে সেখানে নামে দর্শনার্থীদের ঢল। শিশু-কিশোর থেকে শুরু করে নারী-পুরুষ, সব বয়সী মানুষের পদচারণায় মুখর হয়ে ওঠে জাহাজগুলো।
শনিবার (২১ নভেম্বর) দুপুর ২টা থেকে সূর্যাস্ত পর্যন্ত এই বিশেষ আয়োজন চলে। জাহাজের ভেতরের বিভিন্ন অংশ ঘুরে দেখা, নৌবাহিনীর কার্যক্রম সম্পর্কে জানা এবং সমুদ্রের নিরাপত্তায় নিয়োজিত বাহিনীর সক্ষমতা কাছ থেকে প্রত্যক্ষ করার সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন দর্শনার্থীরা।
সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে ঢাকার সদর ঘাঁটে বিএনডিবি গাংচিল, চট্টগ্রাম নেভাল বার্থে বানৌজা সমুদ্র অভিযান, খুলনা বিআইডব্লিউটিএ লঞ্চ টার্মিনালে বানৌজা বিশখালী, মোংলার দিগরাজ নেভাল বার্থে বানৌজা বিজয় এবং বরিশাল বিআইডব্লিউটিএ ঘাঁটে বানৌজা অপরাজেয় সাধারণ মানুষের জন্য উন্মুক্ত রাখা হয়।
জাহাজগুলোতে প্রবেশের পর দর্শনার্থীরা ঘুরে দেখেন নৌযানের বিভিন্ন অংশ। নৌবাহিনীর সদস্যরা তাঁদের জাহাজের বিভিন্ন সরঞ্জাম, দৈনন্দিন কার্যক্রম এবং সামুদ্রিক নিরাপত্তা রক্ষায় বাহিনীর দায়িত্ব ও ভূমিকা সম্পর্কে বিস্তারিত জানান। জাহাজের ভেতরের কর্মপরিবেশ ও নৌবাহিনীর পেশাগত কার্যক্রম সরাসরি দেখার সুযোগ পেয়ে বিশেষ আগ্রহ দেখা যায় শিশু-কিশোরদের মধ্যে।
অনেকের কাছে এটি ছিল কেবল জাহাজ পরিদর্শন নয়, বরং দেশের সমুদ্রসীমা রক্ষায় নিয়োজিত নৌসেনাদের কর্মজীবন সম্পর্কে জানার এক ব্যতিক্রমী অভিজ্ঞতা। সাধারণত দূর থেকে দেখা যুদ্ধজাহাজের ভেতরের পরিবেশ, এর বিভিন্ন অংশ এবং নৌবাহিনীর কার্যক্রম কাছ থেকে দেখার সুযোগ দর্শনার্থীদের মধ্যে বাড়তি কৌতূহল তৈরি করে।
নৌবাহিনীর এ আয়োজনের মধ্য দিয়ে সাধারণ মানুষের সঙ্গে বাহিনীর সদস্যদের সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি হয়। দর্শনার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া এবং জাহাজ পরিদর্শনে সহযোগিতা করেন নৌবাহিনীর সদস্যরা।
সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের আয়োজনের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে সশস্ত্র বাহিনী সম্পর্কে ইতিবাচক ধারণা ও সচেতনতা বাড়ে। বিশেষ করে নতুন প্রজন্ম দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় নৌবাহিনীর দায়িত্ব, ত্যাগ ও সক্ষমতা সম্পর্কে জানার সুযোগ পায়।
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে আয়োজিত এ বিশেষ কার্যক্রম বাংলাদেশ নৌবাহিনী ও সাধারণ জনগণের মধ্যে পারস্পরিক আস্থা, সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করেছে। একই সঙ্গে দেশের সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিত করা এবং জাতীয় স্বার্থ সংরক্ষণে নৌবাহিনীর অবদান ও সক্ষমতা সম্পর্কে জনসচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
