বৈশাখী টিভির ডিএমডি টিপু আলম মিলন পুলিশ হেফাজতে
ছবি সংগৃহীত
রাজধানীর মহাখালীতে বৈশাখী টেলিভিশনের প্রধান কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ সময় কার্যালয়ে অবরুদ্ধ হয়ে পড়েন সাংবাদিক ও কর্মীরা। পরে সেখান থেকে টেলিভিশনটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) ও প্রধান সম্পাদক টিপু আলম মিলনকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) বিকেলে বনানী থানাধীন মহাখালীর বৈশাখী টেলিভিশন কার্যালয়ে এ ঘটনা ঘটে।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহউদ্দিন জানান, টিপু আলম মিলন টেলিভিশন কার্যালয়ে প্রবেশের পর একদল লোক তাঁকে ঘিরে রাখে। পরে পুলিশ তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। তাঁর বিরুদ্ধে কোনো মামলা রয়েছে কি না এবং পরবর্তী আইনি পদক্ষেপ কী হবে, তা পরে জানানো হবে।
এর আগে বিকেল সাড়ে ৩টার দিকে বৈশাখী টেলিভিশনের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে কার্যালয়ের ছাদে অবস্থানরত এক সাংবাদিক সরাসরি সম্প্রচার করেন। সেখানে তিনি দাবি করেন, একদল লোক টেলিভিশন কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালিয়েছে। এতে কয়েকজন কর্মী আহত হয়েছেন। হামলাকারীদের কারণে তাঁরা ভবনের ভেতরে অবরুদ্ধ হয়ে পড়েছেন।
লাইভে ওই সাংবাদিক বলেন, তাঁরা বাধ্য হয়ে ছাদ থেকে সম্প্রচার করছেন। নিচে নামার কোনো সুযোগ পাচ্ছেন না। তাঁদের একজন সহকর্মীকে মারধর করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
ওই সাংবাদিক আরও দাবি করেন, হামলাকারীরা কার্যালয়ের মূল ফটকে তালা লাগিয়ে দিয়েছে এবং লিফট বন্ধ করে রেখেছে। এতে সাংবাদিক ও কর্মীরা ভবনের ভেতরে আটকা পড়েছেন। এ সময় তাঁদের দুটি মোবাইল ফোন ও একটি ক্যামেরা নিয়ে যাওয়ার অভিযোগও করেন তিনি।
পরিস্থিতি থেকে উদ্ধারের জন্য জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেছেন বলেও লাইভে জানান ওই সাংবাদিক।
পরে বনানী থানা-পুলিশের একটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছায়। ফেসবুক লাইভে পুলিশ সদস্যদের ভবনের নিচে অবস্থানরত লোকজনের সঙ্গে কথা বলতে দেখা যায়।
হামলার কারণ এবং এতে জড়িত ব্যক্তিদের পরিচয় সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।
