বিজিবিকে খাবার পানি সরবরাহ নিয়ে রাজনৈতিক অপপ্রচারের ব্যাখ্যা দিল বাহিনীটি
গোপালগঞ্জে দায়িত্বরত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের খাবার পানি সরবরাহের একটি ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনৈতিক অপপ্রচার চালানো হচ্ছে বলে জানিয়েছে বাহিনীটি। ‘শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগ বিজিবি সদস্যদের খাবার পানিসহ প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করছে’—এমন প্রচারণাকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে বিজিবি।
শুক্রবার (২০ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এই ব্যাখ্যা তুলে ধরেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপালগঞ্জে দায়িত্ব পালনরত বিজিবি সদস্যদের জন্য প্রয়োজনীয় রসদ ও খাবার সামগ্রী নির্ধারিত সরবরাহকারীর মাধ্যমে নগদ অর্থে কেনা হয়। এর অংশ হিসেবে স্থানীয় একটি দোকান থেকে মূল্য পরিশোধ করে খাবার পানি কেনার পর দোকানদার ভ্যানযোগে তা সদস্যদের কাছে পৌঁছে দেন। এটি বাহিনীর নিজস্ব অর্থায়নে পরিচালিত একটি স্বাভাবিক ক্রয় ও সরবরাহ প্রক্রিয়া।
বিজিবি স্পষ্ট করেছে, পানি সরবরাহের এই ঘটনার সঙ্গে আওয়ামী লীগ কিংবা অন্য কোনো রাজনৈতিক দল বা ব্যক্তির ন্যূনতম কোনো সম্পৃক্ততা নেই। অথচ একটি সাধারণ ও স্বাভাবিক বিষয়কে রাজনৈতিক রঙ দিয়ে উপস্থাপন করে জনমনে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে এবং বাহিনীর নিরপেক্ষতা ও পেশাদারিত্বকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালানো হচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, মাঠপর্যায়ে দায়িত্বরত সদস্যদের সব ধরনের রসদ ও প্রয়োজনীয় সামগ্রী বিজিবির নিজস্ব ব্যবস্থাপনা ও অর্থায়নে সংগ্রহ করা হয়। কোনো রাজনৈতিক দল বা ব্যক্তির নির্দেশনা কিংবা অনুদানের মাধ্যমে এসব সামগ্রী গ্রহণের কোনো সুযোগ নেই।
এ ধরনের বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিজিবি। পাশাপাশি ছবি বা ভিডিওর খণ্ডিত অংশ দেখে মনগড়া তথ্য প্রচার না করে ঘটনার প্রকৃত সত্যতা যাচাই করার জন্য গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানিয়েছে বাহিনীটি।
