ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপি
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, পুলিশ দেশের প্রচলিত আইন ও বিধিবিধান অনুযায়ী পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। এ ক্ষেত্রে কোনো ধরনের ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলিস্তানে শহীদ নূর হোসেন ভলিবল স্টেডিয়ামে ‘বাংলাদেশ পুলিশ ভলিবল (নারী ও পুরুষ) চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খেলাধুলার গুরুত্ব তুলে ধরে আইজিপি মো. আলী হোসেন ফকির বলেন, “বর্তমান প্রধানমন্ত্রী খেলাধুলাকে শুধু বিনোদন নয়, বরং পেশা হিসেবেও গ্রহণের উদ্যোগ নিয়েছেন। মাদকমুক্ত সমাজ বিনির্মাণে খেলাধুলা অত্যন্ত কার্যকর একটি মাধ্যম।”
তিনি আরও জানান, দেশের বিভিন্ন প্রান্ত থেকে তরুণ খেলোয়াড় বাছাইয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। ক্রীড়াক্ষেত্রে আরও ভালো সাফল্য অর্জনের জন্য পুলিশের সব ক্লাবের কর্মকর্তা ও খেলোয়াড়দের নিয়মিত অনুশীলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।
এবারের পুলিশ ভলিবল চ্যাম্পিয়নশিপের পুরুষ বিভাগে ঢাকা রেঞ্জকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। অন্যদিকে, নারী বিভাগে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশকে (সিএমপি) পরাজিত করে শিরোপা জিতেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। প্রতিযোগিতায় পুরুষ বিভাগে ডিএমপির মিলন এবং নারী বিভাগে এপিবিএনের কেয়া সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন।
অনুষ্ঠানে আইজিপি চ্যাম্পিয়ন ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন এবং বাংলাদেশ পুলিশ বিচ ভলিবলের জার্সি উন্মোচন করেন। এর আগে তিনি ফাইনাল ম্যাচ উপভোগ করেন।
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) অতিরিক্ত আইজি ও বাংলাদেশ পুলিশ ভলিবল ক্লাবের সভাপতি মো. মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে পুলিশের অতিরিক্ত আইজিবৃন্দ, ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, ভলিবল ক্লাবের কর্মকর্তা ও খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৪ নভেম্বর শুরু হওয়া এবারের বাংলাদেশ পুলিশ ভলিবল চ্যাম্পিয়নশিপ-২০২৬-এ পুরুষ বিভাগে ১৩টি এবং নারী বিভাগে ৬টি দল অংশগ্রহণ করে।
