বৃহস্পতিবার লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
আগামীকাল বৃহস্পতিবার (১৯ নভেম্বর) লালমনিরহাট জেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনব্যাপী এই সফরে তিনি অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। পাশাপাশি মহেন্দ্রনগর পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন এবং ‘আলোকিত লালমনিরহাট’ শীর্ষক অনুষ্ঠানে অংশ নেবেন।
আজ বুধবার (১৮ নভেম্বর) প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি-১ জাহিদুল ইসলাম রনি প্রধানমন্ত্রীর এই সফরের বিস্তারিত কর্মসূচি নিশ্চিত করেছেন।
নির্ধারিত সূচি অনুযায়ী, বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী নিজ বাসভবন থেকে সড়কপথে তেজগাঁও বিমানবন্দরে যাবেন এবং সেখান থেকে হেলিকপ্টারযোগে লালমনিরহাটের উদ্দেশ্যে রওনা হবেন।
লালমনিরহাট এয়ারফিল্ডে অবতরণের পর তিনি অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় আয়োজিত প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। অনুষ্ঠান শেষে তিনি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিদর্শন করবেন।
এরপর প্রধানমন্ত্রী সড়কপথে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির স্থলে যাবেন। সেখানে তিনি খনন কাজের উদ্বোধন করবেন এবং স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।
দিনের প্রথমার্ধের কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী লালমনিরহাট সার্কিট হাউজে যাবেন। সেখানে সংক্ষিপ্ত বিরতির পর বিকেলে লালমনিরহাট কালেক্টরেট মাঠে আয়োজিত ‘আলোকিত লালমনিরহাট’ অনুষ্ঠানে যোগ দেবেন।
সফরের সব আনুষ্ঠানিকতা শেষে বৃহস্পতিবারই হেলিকপ্টারযোগে লালমনিরহাট এয়ারফিল্ড থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী।
