ধোলাইপাড়ে বাস কাউন্টারের সামনে ৩টি ককটেল বিস্ফোরণ, আটক ১
রাজধানীর শ্যামপুরের ধোলাইপাড় এলাকায় একটি বাস কাউন্টারের সামনে তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনার পরপরই অভিযান চালিয়ে একজনকে হাতেনাতে আটক করেছে পুলিশ।
বুধবার (১৮ নভেম্বর) রাত ৯টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। শ্যামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি জানান, বাস কাউন্টারের সামনে ককটেল বিস্ফোরণের সময় ঘটনাস্থল থেকেই একজনকে হাতেনাতে আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে, তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
উল্লেখ্য, এর আগে আজ বুধবার সকাল ৮টা ৫৫ মিনিটের দিকে মিরপুর-১৩ নম্বরের বৃহত্তর ময়মনসিংহ সমিতি ভবনে অবস্থিত ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টনের কার্যালয়েও হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। কার্যালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ওই হামলায় অন্তত দুই থেকে তিনজন আহত হয়েছেন।
