১১ দিনে ৭০ স্থানে ককটেল বিস্ফোরণ ও ৫৭ গাড়িতে আগুন, গ্রেপ্তার ৬০
দেশজুড়ে নাশকতামূলক কর্মকাণ্ডের হার আশঙ্কাজনকভাবে বেড়েছে। গত ৭ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত মাত্র ১১ দিনে দেশের বিভিন্ন স্থানে ৭০টি ককটেল বিস্ফোরণ এবং ৫৭টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব নাশকতার ঘটনায় এখন পর্যন্ত ৩৫টি মামলা দায়ের এবং ৬০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৮ নভেম্বর) পুলিশ সদর দপ্তর থেকে প্রকাশিত এক পরিসংখ্যানে এসব তথ্য জানানো হয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপরও হামলার ঘটনা ঘটেছে। ককটেল বিস্ফোরণে পুলিশের একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি পুলিশের দুটি স্থাপনাতেও হামলার ঘটনা ঘটেছে।
ধারাবাহিক এসব সহিংসতায় সাধারণ মানুষের নিরাপত্তা, গণপরিবহন চলাচল ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে চলন্ত বাসে অগ্নিসংযোগ এবং পুলিশের স্থাপনায় ককটেল বিস্ফোরণের ঘটনা নিরাপত্তা ব্যবস্থাকে নতুন করে চ্যালেঞ্জের মুখে ফেলেছে।
সার্বিক পরিস্থিতি নিয়ে বুধবার রাতে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) কামারুম মুনিরা বলেন, “দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আগাম গোয়েন্দা তথ্য সংগ্রহ, পুলিশের টহল ও নজরদারি বৃদ্ধি, গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট স্থাপন এবং যেকোনো ঘটনায় দ্রুততম সময়ে সাড়া দেওয়ার (কুইক রেসপন্স) ব্যবস্থা জোরদার করা হয়েছে।”
কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি আরও বলেন, “নিষিদ্ধ সংগঠন এবং কার্যক্রম নিষিদ্ধ কোনো দল যেন নাশকতা সৃষ্টির অপচেষ্টা চালাতে না পারে, সে জন্য পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। কাউকেই অরাজক পরিস্থিতি সৃষ্টি করে আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর সুযোগ দেওয়া হবে না; কেউ এমন চেষ্টা করলে তা কঠোর হস্তে দমন করা হবে।”
