সংসদে জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতা রুখতে ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক শক্তিকে চব্বিশের গণঅভ্যুত্থানের মতো এক মঞ্চে এসে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান।
বুধবার (১৮ নভেম্বর) বিকেলে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় তিনি এ আহ্বান জানান।
সংসদে প্রধানমন্ত্রী বলেন, “বাংলাদেশকে আবারও তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে দেশে-বিদেশে চিহ্নিত এই সন্ত্রাসী গোষ্ঠী পুনরায় দেশ ও জনগণের বিরুদ্ধে সন্ত্রাসে লিপ্ত হয়েছে। তাই পতিত, পরাজিত ও বিতাড়িত অপশক্তির পুনরুত্থান ঠেকাতে এবং দেশের সার্বভৌমত্ব রক্ষার চক্রান্ত রুখে দিতে দলমত-নির্বিশেষে গণতন্ত্রের পক্ষের সব রাজনৈতিক শক্তিকে চব্বিশের মতো এক মঞ্চে দাঁড়াতে হবে।”
তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে আরও বলেন, “বাংলাদেশকে আর কখনোই তাঁবেদার রাষ্ট্রে পরিণত হতে দেওয়া হবে না। পতিত ফ্যাসিস্ট দলকে এ দেশের জনগণ আর কখনোই মাথা তুলে দাঁড়াতে দেবে না।”
এর আগে সংসদ অধিবেশনে মালয়েশিয়াগামী কর্মীদের জন্য বড় সুখবর দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানান, সরকারের সফল কূটনৈতিক আলোচনার মাধ্যমে মালয়েশিয়ার শ্রমবাজার সংক্রান্ত জটিলতা নিরসন করা সম্ভব হয়েছে। এর ফলে সামান্য কিছু আনুষঙ্গিক খরচ ছাড়া প্রায় বিনা খরচেই ১০ হাজার কর্মীকে মালয়েশিয়ায় পাঠানো সম্ভব হবে।
রাজধানীর যানজট নিরসনে সরকারের আধুনিক উদ্যোগের কথা তুলে ধরে সংসদ নেতা জানান, ঢাকা শহরের ৫০টি গুরুত্বপূর্ণ পয়েন্টে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্পন্ন আধুনিক ট্রাফিক সিগন্যাল বসানোর কাজ চলছে।
প্রধানমন্ত্রী বলেন, “ঢাকা শহরে চলাচলের সময় আপনারা লক্ষ্য করবেন বিভিন্ন পয়েন্টে নতুন ট্রাফিক সিগন্যাল লাইট বসানো হয়েছে। সেগুলো এখনো পুরোপুরি চালু না হলেও আশা করছি আগামী দুই মাসের মধ্যে কাজ শুরু করবে। এই আধুনিক ব্যবস্থা চালু হলে রাজধানীর যানজট পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হবে।”
