পল্লবীতে ২৪ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয় বাসে আগুন
সাগুফতায় ট্রাস্ট পরিবহনের বাসের পেছনের আসনে আগুন, কর্মচারী ও স্থানীয়দের চেষ্টায় নিয়ন্ত্রণে
রাজধানীর পল্লবীতে আবারও বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বুধবার বিকেলে পল্লবীর সাগুফতা এলাকায় ট্রাস্ট পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এর আগে মঙ্গলবার রাতেও একই থানার সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেওয়া হয়েছিল। অর্থাৎ ২৪ ঘণ্টার ব্যবধানে পল্লবীতে দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটল।
বুধবার (১৮ নভেম্বর) বিকেল ৫টার দিকে সাগুফতা এলাকায় এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হননি।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, সাগুফতার সামনে রাস্তায় ট্রাস্ট পরিবহনের একটি বাস দাঁড় করানো ছিল। এ সময় দুর্বৃত্তরা বাসটির পেছনের আসনে আগুন দিয়ে পালিয়ে যায়।
তিনি বলেন, বাসের কর্মচারী ও স্থানীয় লোকজনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে বাসটির কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এর আগে মঙ্গলবার রাতে পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিংক’ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। ওই ঘটনায় জড়িত সন্দেহে ঘটনাস্থল থেকে একজনকে আটক করার কথা জানিয়েছিল পুলিশ।
দেশের বিভিন্ন স্থানে বোমাবাজি ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনার মধ্যে রাজধানীতে পরপর বাসে আগুন দেওয়ার ঘটনায় উদ্বেগ তৈরি হয়েছে।
