মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার ২
রাজধানীর মিরপুর মডেল থানা এলাকায় রাজধানী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৬ নভেম্বর) রাত ১০টা ৫ মিনিটের দিকে মিরপুর-১ নম্বর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
মিরপুর-১ এলাকায় কর্মরত ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই) আলামিন জানান, রাত ৯টা ৫০ মিনিটের দিকে রাজধানী পরিবহনের বাসটি যাত্রী নামানোর জন্য স্ট্যান্ডে থামে। যাত্রীরা নেমে যাওয়ার পরপরই বাসটিতে আগুন জ্বলে ওঠে। তবে বাসে থাকা যাত্রী, চালক ও তার সহকারী সবাই দ্রুত নিরাপদে নেমে আসায় এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুনে পুরো বাসটি ভস্মীভূত হয়ে গেছে।
মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, মিরপুর বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা রাজধানী পরিবহনের বাসটিতে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। আগুন দিয়ে পালিয়ে যাওয়ার সময় পুলিশ ধাওয়া দিয়ে ঘটনাস্থল থেকেই দুইজনকে গ্রেপ্তার করে।
তাৎক্ষণিকভাবে গ্রেপ্তারকৃতদের নাম-পরিচয় জানা যায়নি। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
