রাজউকের আদলে বগুড়ায় হচ্ছে উন্নয়ন কর্তৃপক্ষ, সংসদে বিল পাস
উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ নগরকেন্দ্র বগুড়ার পরিকল্পিত ও টেকসই নগরায়ণ নিশ্চিত করতে জাতীয় সংসদে ‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬’ পাস হয়েছে। এই আইন পাসের মধ্য দিয়ে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), চট্টগ্রাম, খুলনা ও রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের আদলে বগুড়াতেও একটি পৃথক উন্নয়ন কর্তৃপক্ষ প্রতিষ্ঠার পথ সুগম হলো।
সোমবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদ অধিবেশনে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বিলটি পাসের প্রস্তাব উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়। এর আগে বিলটি জনমত যাচাই ও বাছাই কমিটিতে পাঠানোর বিরোধী সদস্যদের প্রস্তাব কণ্ঠভোটে নাকচ হয়ে যায়। উল্লেখ্য, গত ৯ নভেম্বর বিলটি সংসদে উত্থাপনের পর অধিকতর পরীক্ষা-নিরীক্ষার জন্য সংশ্লিষ্ট সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছিল।
সংসদে জানানো হয়, বগুড়া ও এর পার্শ্ববর্তী এলাকায় একটি পরিকল্পিত, আধুনিক ও টেকসই নগর গড়ে তোলাই এই আইনের মূল উদ্দেশ্য। এ লক্ষ্যে ‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ’ (বউক) প্রতিষ্ঠার বিধান রাখা হয়েছে। প্রস্তাবিত এই কর্তৃপক্ষের মাধ্যমে এলাকার সমন্বিত উন্নয়ন ও কার্যকর নগর ব্যবস্থাপনা নিশ্চিত করা হবে। পাশাপাশি ভূপ্রাকৃতিক পরিবেশ ও প্রতিবেশের ভারসাম্য রক্ষা, অপরিকল্পিত নগরায়ণ রোধ এবং দুর্যোগসহনশীল নগরব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। এছাড়া অঞ্চলটির তথ্যপ্রযুক্তি ও পর্যটনশিল্পের বিকাশ এবং নাগরিকদের জীবনযাত্রার মান উন্নয়নেও আইনে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
বিলটি পাসের প্রক্রিয়ায় গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেন, বগুড়া উত্তরাঞ্চলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নগরকেন্দ্র। এ এলাকার ক্রমবর্ধমান নগরায়ণ, অবকাঠামোগত উন্নয়ন, আধুনিক নাগরিক সুবিধা সম্প্রসারণ এবং দীর্ঘমেয়াদি টেকসই উন্নয়নের প্রয়োজনীয়তা বিবেচনায় নিয়েই এই কর্তৃপক্ষ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে।
মন্ত্রী আরও জানান, নতুন এই আইন প্রণয়নের ফলে বগুড়া ও এর আশপাশের এলাকার সমন্বিত ও পরিকল্পিত নগরায়ণ, আধুনিক অবকাঠামো উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ এবং উন্নত নাগরিক জীবন নিশ্চিত করতে একটি শক্তিশালী প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলা সম্ভব হবে।
