তুরাগে আওয়ামী লীগ নেতা সোলেমান গ্রেপ্তার
রাজধানীর তুরাগে অভিযান চালিয়ে মো. সোলেমান ওসমান (৪১) নামে আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৬ নভেম্বর) বিকেলে তুরাগ থানার দিয়াবাড়ী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সোলেমান তুরাগ থানা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক এবং থানা শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার মো. আকতার হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশের বরাত দিয়ে ডিএমপির এই কর্মকর্তা জানান, প্রাথমিক তদন্তে ডিএমপির বিভিন্ন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সরকারবিরোধী মিছিল ও মশাল মিছিলে সোলেমান ওসমানের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। এছাড়া তুরাগ থানাসহ রাজধানীর বিভিন্ন থানায় তার বিরুদ্ধে মোট পাঁচটি মামলা রয়েছে।
গ্রেপ্তার সোলেমান ওসমানের বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
