নিজেদের সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী
শিক্ষার্থীদের দক্ষ, যোগ্য ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তুলতে পড়াশোনার পাশাপাশি কারিগরি শিক্ষা, খেলাধুলা, ভাষা শিক্ষা এবং পরিবেশ সচেতনতার ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় জাতীয় সংসদ অধিবেশনের মাগরিবের নামাজের বিরতিতে সংসদ ভবন পরিদর্শনে আসা শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি সুজাউদ্দৌলা সুজন মাহমুদ সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেছেন।
শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, তোমাদের সবাইকে নিজেদের সঠিকভাবে গড়ে তুলতে হবে। আমরা স্কুল-কলেজগুলোতে ভোকেশনাল বা কারিগরি শিক্ষা চালু করছি, যা নবম শ্রেণি থেকে বাধ্যতামূলকভাবে নিতে হবে।
বহুভাষায় দক্ষ হওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, মাতৃভাষার পাশাপাশি প্রত্যেককে আরও একটি বিদেশি ভাষা শিখতে হবে। এজন্য ইংরেজি, মান্দারিন ও জাপানিজসহ ছয়-সাতটি ভাষার মধ্য থেকে পছন্দের ভাষা বেছে নেওয়ার সুযোগ থাকবে।
পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকেও সমান গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘নতুন কুঁড়ি স্পোর্টসে’ তোমাদের অংশগ্রহণ থাকতে হবে। সেখানে ছয়-সাতটি ইভেন্ট থেকে তোমরা নিজেদের পছন্দ অনুযায়ী খেলা বেছে নিতে পারবে।
এছাড়া ঢাকাকে পরিচ্ছন্ন রাখা, পরিবেশ সংরক্ষণ এবং প্রাণী ও জীবজন্তুর প্রতি যত্নশীল হওয়ার পরামর্শ দেন তিনি। বৃক্ষরোপণে উৎসাহিত করে প্রধানমন্ত্রী বলেন, আপনজনদের জন্মদিনে গাছ উপহার দেবে। বেশি বেশি গাছ লাগালে পরিবেশ ভালো থাকবে, আর এতে আমাদের সবারই লাভ।
তিনি আরও বলেন, মানুষ সৃষ্টির সেরা জীব; তাই প্রকৃতি ও প্রাণিকুলের প্রতি দায়িত্বশীল হতে হবে। পড়াশোনার পাশাপাশি দক্ষতা অর্জন ও সামাজিক দায়িত্ব পালনের মানসিকতা গড়ে তুললেই ভবিষ্যতে যোগ্য নাগরিক হওয়া সম্ভব।
এদিন ঢাকা-১ আসনের সংসদ সদস্য খোন্দকার আবু আশফাকের মাধ্যমে দোহার উপজেলার পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৪৩ জন শিক্ষার্থী ও ছয়জন শিক্ষক সংসদ অধিবেশন দেখতে আসেন। এছাড়া রাজধানীর মণিপুর উচ্চবিদ্যালয়ের দ্বাদশ শ্রেণির ১৫ জন শিক্ষার্থী ও চারজন শিক্ষক এবং চাঁদপুর মেডিকেল কলেজের ৯ জন শিক্ষার্থী সংসদ ভবন পরিদর্শন ও অধিবেশন প্রত্যক্ষ করেন।
পরিদর্শনের অংশ হিসেবে শিক্ষার্থীরা সংক্ষিপ্ত ব্রিফিং, সংসদ লাইব্রেরি পরিদর্শন এবং উত্তর প্লাজায় ফটোসেশনে অংশ নেন।
