আমির হামজার বক্তব্য শুরু হতেই সংসদে হট্টগোল
জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্ব চলাকালে সংসদ সদস্য আমির হামজা বক্তব্য শুরু করতেই অধিবেশন কক্ষে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ সময় উপস্থিত সংসদ সদস্যদের মধ্যে হট্টগোল ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।
রোববার (১৫ নভেম্বর) সংসদের প্রশ্নোত্তর পর্বে এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির তৈরি হয়। আমির হামজা তাঁর নির্ধারিত প্রশ্ন উত্থাপনের জন্য বক্তব্য শুরু করলে অধিবেশন কক্ষে হট্টগোল শুরু হয় এবং কিছুক্ষণ উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করে। পরে স্পিকারের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হলে সংসদের স্বাভাবিক কার্যক্রম পুনরায় শুরু হয়।
পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর তারকা চিহ্নিত ৫৪৩ নম্বর প্রশ্নে আমির হামজা খাদ্যমন্ত্রীর উদ্দেশে বলেন, “খাদ্যমন্ত্রী অনুগ্রহ করিয়া বলিবেন কি, কুষ্টিয়া জেলার সদর উপজেলা ও ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করার লক্ষ্যে সরাসরি কৃষকদের কাছ থেকে ফসল ক্রয় করার কোনো পদক্ষেপ গ্রহণ করা হইবে কি না?”
জবাবে খাদ্যমন্ত্রী জানান, অভ্যন্তরীণ আমন ও বোরো সংগ্রহ মৌসুমে সরকার সারাদেশে খাদ্যশস্য সংগ্রহ কার্যক্রম পরিচালনা করে থাকে। সেই ধারাবাহিকতায় কুষ্টিয়া সদর উপজেলা ও ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করতে বিগত মৌসুমগুলোর মতো চলতি আমন সংগ্রহ মৌসুমেও সরকার সরাসরি কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ করবে।
