মাদক ঠেকাতে মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার বেড়া নির্মাণের উদ্যোগ
মাদক চোরাচালান প্রতিরোধে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার কাঁটাতারের বেড়া (বর্ডার ফেন্সিং) নির্মাণ ও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। পাশাপাশি দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং যেকোনো ধরনের নাশকতা ও সন্ত্রাস দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দৃঢ়প্রতিজ্ঞ বলেও জানান তিনি।
রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ষষ্ঠ বৈঠকে মন্ত্রী এসব তথ্য জানান। কমিটির সভাপতি জয়নুল আবেদীনের সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে মাদক উৎপাদন, সরবরাহ ও পাচারের মূল উৎস চিহ্নিত করে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন কমিটির সভাপতি জয়নুল আবেদীন। একই সঙ্গে মাদক ব্যবসার নেপথ্যে থাকা অর্থনৈতিক নেটওয়ার্ক এবং অপরাধলব্ধ অর্থের প্রবাহ তদন্তের সুপারিশ করেন তিনি।
জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম সীমান্তে আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি ড্রোনের মাধ্যমে কার্যকর নজরদারি বাড়ানোর পরামর্শ দেন।
অপর হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেন, মাদক নিয়ন্ত্রণে সবার আগে একটি সামাজিক বিপ্লব প্রয়োজন। এটি কেবল কোনো একক মন্ত্রণালয় বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজ নয়, বরং একটি সম্মিলিত জাতীয় দায়িত্ব।
বৈঠকে মাদক-সংশ্লিষ্ট অপরাধ নির্মূলে প্রয়োজনীয় বাজেট দ্রুত বরাদ্দের সুপারিশ করা হয়। এ ছাড়া দেশে মাদক প্রবেশের ঝুঁকিপূর্ণ সীমান্ত এলাকা ও রুটগুলো চিহ্নিত করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), কোস্ট গার্ড, পুলিশ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সমন্বিত নজরদারি, অভিযান ও প্রতিরোধ কার্যক্রম আরও জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ছাড়াও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম ও মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, মো. কামরুজ্জামান, মো. মনোয়ার হোসেন এবং শিরীন সুলতানা অংশ নেন। এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, পুলিশের মহাপরিদর্শকসহ (আইজিপি) সংশ্লিষ্ট অধিদপ্তরগুলোর মহাপরিচালক, বিভিন্ন সংস্থার প্রধান এবং সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
