হাতিরঝিলে ইন্টারনেট প্রতিষ্ঠানের কার্যালয়ে ঢুকে দুই কর্মচারীকে গুলি
রাজধানীর হাতিরঝিলে একটি ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের কার্যালয়ে ঢুকে দুই কর্মচারীকে গুলি করেছে দুর্বৃত্তরা। রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে হাতিরঝিল থানার ওয়াপদা রোডে অবস্থিত ‘স্পিড স্টার ইন্টারনেট অ্যান্ড টেকনোলজি’র কার্যালয়ে এই হামলার ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ দুই কর্মচারী হলেন হাবিবুর রহমান (২৬) ও সাজু আহমেদ (২৯)। তাঁরা ওই প্রতিষ্ঠানের নেটওয়ার্ক কর্মচারী হিসেবে কর্মরত। বর্তমানে তাঁরা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক পলাশ জানান, সন্ধ্যা ৭টার দিকে চারজন দুর্বৃত্ত হঠাৎ কার্যালয়ের ভেতরে প্রবেশ করে। কোনো কিছু বুঝে ওঠার আগেই তারা হাবিবুর ও সাজুকে লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। পরে সহকর্মীরা রক্তাক্ত অবস্থায় তাঁদের উদ্ধার করে রাত পৌনে ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান।
হাসপাতাল সূত্রে জানা গেছে, দুর্বৃত্তদের ছোড়া এক রাউন্ড গুলি হাবিবুর রহমানের বাঁ হাতে এবং অন্য এক রাউন্ড গুলি সাজু আহমেদের ডান পায়ের হাঁটুর নিচে লেগেছে।
আহত হাবিবুর রহমানের বাড়ি চাঁদপুরের মতলব উত্তর থানার নেতামদী এলাকায় এবং তাঁর বাবার নাম দুলাল মিয়া। অন্যদিকে, সাজু আহমেদের বাবার নাম মো. ইউসুফ এবং তাঁর গ্রামের বাড়ি ঝালকাঠির নলছিটি থানার রাজপয়সা এলাকায়।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, হাতিরঝিলের ওয়াপদা রোড এলাকা থেকে গুলিবিদ্ধ দুই যুবককে জরুরি বিভাগে আনা হয়েছে। তাঁদের চিকিৎসা চলছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবহিত করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে তেজগাঁও বিভাগের শিল্পাঞ্চল জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) মো. ইমরান বলেন, ওয়াপদা রোড এলাকার একটি ইন্টারনেট কার্যালয়ে গুলির ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশের একাধিক দল ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। তবে কে বা কারা এবং কী উদ্দেশ্যে এই হামলা চালিয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
