পুলিশের একার পক্ষে সব সম্ভব না: বদিউল আলম মজুমদার
সংগৃহীত ছবি
সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেছেন, ‘পুলিশের মধ্যে সততা, আন্তরিকতা, মানুষের অধিকারের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার বিষয়টি সৃষ্টি করতে হবে। তারপরও বলব, পুলিশের একার পক্ষে সব সম্ভব না। পুলিশ শত চেষ্টা করলেও পারবে না, যদি না নাগরিক তার ভূমিকা পালন করে।’
শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। সুজন’র দুই যুগ পূর্তি উপলক্ষে ‘মাদক কিশোর গ্যাং ছিনতাই ও সহিংসতামুক্ত নারায়ণগঞ্জ গঠনে করণীয়’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করা হয়।
সুজন সম্পাদক আরও বলেন, ‘সামাজিক আন্দোলনের মাধ্যমে অন্যায়-অবিচারকে আমরা প্রতিহত করতে পারব। আইনশৃঙ্খলা বাহিনীকেও সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। শুধু রাজনৈতিক বস যারা তাদের খুশি করার সেই প্রচলিত পন্থা থেকে যদি বেরিয়ে আসেন, তাহলে এই সমস্যার সমাধান করতে পারব।’
সভায় বদিউল আলম মজুমদার বলেন, ‘প্রশাসন মাদক-সন্ত্রাস নির্মূলে আন্তরিক তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু মানুষের পারসেপশন খুবই গুরুত্বপূর্ণ। অতীতে যেভাবে চলেছে তারই ধারাবাহিকতা রক্ষা হচ্ছে।’
সভায় স্থানীয় রাজনৈতিক, নাগরিক ও পেশাজীবী সংগঠনের সদস্যদের পাশাপাশি প্রশাসনিক কর্মকর্তারাও বক্তব্য রাখেন। সুজন-এর সমন্বয়কারী দিলীপ সরকারের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন জেলা সভাপতি ধীমান সাহা জুয়েল।
এ সময় আরও বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী, নারায়ণগঞ্জ নাগরিক আন্দোলনের আহ্বায়ক রফিউর রাব্বি, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম, বর্তমান সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি, জামায়াতে ইসলামীর মহানগর শাখার আমীর মাওলানা আবদুল জব্বার, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়কারী তারিকুল ইসলাম সুজন ও নাসিকের সাবেক কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদসহ অন্যরা।
