হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী, শারীরিক জটিলতা নেই
সংগৃহীত ছবি
নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। শনিবার (১৪ নভেম্বর) সকালে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে কোনো শারীরিক অসুস্থতা নয়, নিয়মিত পরীক্ষার অংশ হিসেবে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা পবন চৌধুরী এক বিবৃতিতে এ তথ্য জানান।
বিবৃতিতে বলা হয়, শারীরিক অসুস্থতার কারণে নয়, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবেই স্বাস্থ্যমন্ত্রীর এনজিওগ্রাম করা হয়েছে। শনিবার দুপুরে রাজধানীর ওই বেসরকারি হাসপাতালে তার পরীক্ষা সম্পন্ন হয়।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, বর্তমানে মন্ত্রীর শারীরিক অবস্থা ভালো রয়েছে। সবকিছু ঠিক থাকলে রোববার (১৫ নভেম্বর) তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হতে পারে।
এর আগে শনিবার সকালে স্বাস্থ্যমন্ত্রীকে হাসপাতালে ভর্তি করার বিষয়টি নিশ্চিত করেন চিকিৎসক ডা. ফজলে রাব্বি। তিনি জানান, হৃদ্রোগ বিশেষজ্ঞ ডা. মনিরুজ্জামানের নেতৃত্বে চিকিৎসকদের একটি দল মন্ত্রীর এনজিওগ্রাম সম্পন্ন করেন। বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন এবং ভালো আছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট চিকিৎসক।
