৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে রেস্তোরাঁ লক্ষ্য করে গুলি
ছবি সংগৃহীত
রাজধানীর মোহাম্মদপুরে ৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে একটি রেস্তোরাঁ ও ফার্মেসি লক্ষ্য করে তিন রাউন্ড গুলি ছোড়ার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৩ নভেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের বিপরীতে অনুরাগ রেস্তোরাঁর সামনে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।
পুলিশ জানিয়েছে, অজ্ঞাতপরিচয় কয়েকজন ব্যক্তি এসে গুলি ছুড়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। হামলাকারীদের শনাক্ত করতে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পর্যালোচনা করা হচ্ছে।
মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ শরিফ রাত সাড়ে ১২টার দিকে ঘটনাস্থল থেকে বলেন, অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা এসে গুলি করে পালিয়ে গেছে। ঘটনাস্থলের সিসিটিভি ভিডিও দেখে তাদের শনাক্তের চেষ্টা চলছে।
পাশাপাশি অবস্থিত অনুরাগ রেস্তোরাঁ ও ফার্মেসির মালিক ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সৈয়দ হাসান নুর ইসলাম রাষ্টন।
তিনি অভিযোগ করেন, গত ৫ নভেম্বর তাকে ফোন করে মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত ‘কিলার পাপ্পু’র নাম ব্যবহার করে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা না দেওয়ায় এর আগে তার দোকান লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে।
সর্বশেষ শুক্রবার রাতে তার রেস্তোরাঁ ও ফার্মেসি লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনা ঘটল।
এ বিষয়ে অভিযুক্ত ‘কিলার পাপ্পু’র বক্তব্য পাওয়া যায়নি।
