সাফ সেমিফাইনালে দর্শকদের আগেভাগে স্টেডিয়ামে আসার অনুরোধ ডিএমপির
সাফ চ্যাম্পিয়নশিপের দুটি সেমিফাইনাল ম্যাচ ঘিরে রাজধানীর জাতীয় স্টেডিয়ামে দর্শকদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে আসার অনুরোধ জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
শুক্রবার (১৩ নভেম্বর) ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) মো. আকতার হোসেন জানান, আগামীকাল শনিবার (১৪ নভেম্বর) ঢাকার জাতীয় স্টেডিয়ামে সাফ চ্যাম্পিয়নশিপের দুটি সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষ্যে স্টেডিয়ামে আগত দর্শকদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
ডিএমপির উপ-কমিশনার জানান, আগামীকাল বিকেল ৩টায় প্রথম সেমিফাইনালে ভারত ও ভুটান এবং রাত সাড়ে ৮টায় দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তান মুখোমুখি হবে। গুরুত্বপূর্ণ এ দুটি ম্যাচকে কেন্দ্র করে জাতীয় স্টেডিয়ামে বিপুলসংখ্যক ক্রীড়ামোদী দর্শকের সমাগম হবে বলে আশা করা হচ্ছে।
ম্যাচ উপলক্ষ্যে স্টেডিয়ামের গেট দুপুর দেড়টায় দর্শকদের জন্য খুলে দেওয়া হবে। তাই যানজট এড়াতে এবং নিরাপত্তা তল্লাশিসহ প্রবেশ কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষ্যে দর্শকদের খেলা শুরুর বেশ আগেই পর্যাপ্ত সময় হাতে নিয়ে স্টেডিয়ামে উপস্থিত হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
