আওয়ামী লীগ নেতা প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ছিলেন না: উপ-প্রেস সচিব
তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন কপ-৩১-এ প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরসঙ্গী হিসেবে ফরিদপুরের মধুখালী উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আবুল বাশার খানের অংশগ্রহণ নিয়ে তৈরি হওয়া বিতর্কের বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি মোস্তফা জুলফিকার হাসান।
শুক্রবার (১৩ নভেম্বর) নিজের ফেসবুক পোস্টে তিনি এ বক্তব্য দেন।
পোস্টে তিনি দায়িত্ব নিয়ে বলেন, আবুল বাশার খান প্রধানমন্ত্রীর সরকারি সফরসঙ্গী ছিলেন না। এর আগে ১২ নভেম্বর বিভিন্ন সংবাদমাধ্যমে আবুল বাশার খানকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরসঙ্গী ও সরকারি প্রতিনিধিদলের সদস্য হিসেবে তুরস্ক সফরের খবর প্রকাশিত হয়।
প্রতিবেদনে বলা হয়, আবুল বাশার খান ফরিদপুরের মধুখালী উপজেলা আওয়ামী লীগের পাঁচ নম্বর উপদেষ্টামণ্ডলীর সদস্য। পেশায় তিনি পাট ব্যবসায়ী। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন তিনি। সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফুটবল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন।
তার তুরস্ক সফরের খবর প্রকাশের পর ফরিদপুরের বিএনপি নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও সমালোচনা তৈরি হয়। স্থানীয় বিএনপি নেতাদের প্রশ্ন ছিল, আওয়ামী লীগের পদধারী একজন নেতা কীভাবে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে সরকারি প্রতিনিধিদলে অন্তর্ভুক্ত হলেন।
তবে মোস্তফা জুলফিকার হাসান তার ফেসবুক পোস্টে বলেন, জলবায়ু সম্মেলনে অংশ নিতে বাংলাদেশ থেকে সরকারি-বেসরকারি বিভিন্ন পর্যায়ের শত শত ব্যক্তি তুরস্কের আন্তালিয়ায় গিয়েছেন। তাদের মধ্যে কেউ কোনো মন্ত্রী বা নেতার আশপাশে অবস্থান করলেই কিংবা তার সঙ্গে ছবি থাকলেই তিনি প্রধানমন্ত্রীর সরকারি সফরসঙ্গী হয়ে যান না।
তিনি আরও বলেন, এ ধরনের সম্মেলনে অনেক ব্যক্তি প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের সঙ্গে ছবি তোলেন। তাৎক্ষণিকভাবে ছবি তুলতে আসা ব্যক্তির পরিচয় জানাও সম্ভব হয় না। সৌজন্যতা দেখিয়ে তোলা একটি ছবি কখনোই কারও সরকারি সফরসঙ্গী হওয়ার প্রমাণ হতে পারে না।
ডেপুটি প্রেস সেক্রেটারি অভিযোগ করেন, ন্যূনতম তথ্য যাচাই না করে একটি ছবিকে কেন্দ্র করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। আরও দুঃখজনক হলো, কেউ কেউ সত্যতা নিশ্চিত না হয়েই সেই অপপ্রচারকে সমর্থন দিয়ে ছবিটি প্রচার করছেন।
রাজনৈতিক সমালোচনা অনুমাননির্ভর হওয়া উচিত নয় উল্লেখ করে তিনি বলেন, সমালোচনা অবশ্যই করা যেতে পারে, তবে তা হতে হবে সত্য তথ্যের ভিত্তিতে।
