শাহজাহানপুরে বিএনপি কার্যালয়ের পাশ থেকে ছয় ককটেল উদ্ধার
রাজধানীর উত্তর শাহজাহানপুরে বিএনপি কার্যালয়ের পাশের ঝিলপাড় এলাকা থেকে ছয়টি তাজা ককটেল উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৩)। পরে বোমা নিষ্ক্রিয়কারী দলের তত্ত্বাবধানে ককটেলগুলো নিরাপদে ধ্বংস করা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন এসআরবি-৩-এর অতিরিক্ত পুলিশ সুপার ও ইন্টেলিজেন্স অ্যান্ড মিডিয়া অফিসার মো. মেহেদী ইমরান সিদ্দিকী।
তিনি জানান, দুপুর ১টা ১০ মিনিটের দিকে উত্তর শাহজাহানপুর বিএনপি কার্যালয়ের পাশের ঝিলপাড় এলাকায় একটি পরিত্যক্ত বস্তার মধ্যে বোমাসদৃশ বস্তু দেখতে পান এক পথচারী। তিনি তাৎক্ষণিকভাবে বিষয়টি এসআরবি-৩-কে অবহিত করেন।
খবর পাওয়ার পরপরই ব্যাটালিয়নের একটি দল ও বোমা নিষ্ক্রিয়কারী ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুরো এলাকা ঘিরে রেখে সতর্কতার সঙ্গে তল্লাশি চালিয়ে বস্তার ভেতর থেকে ৬টি তাজা ককটেল উদ্ধার করা হয়। এরপর বোমা নিষ্ক্রিয়কারী দলের তত্ত্বাবধানে ককটেলগুলো নিরাপদে ধ্বংস করা হয়।
ককটেলগুলো কারা এবং ঠিক কী উদ্দেশ্যে সেখানে রেখেছিল, তা বের করতে এসআরবি-৩-এর গোয়েন্দা অনুসন্ধান ও তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে। এ ঘটনায় রাজধানীর শাহজাহানপুর থানায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
তিনি আরও অনুরোধ জানান, যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত নাশকতা এড়াতে আশপাশে পরিত্যক্ত বা সন্দেহজনক কোনো বস্তু—যেমন ব্যাগ, বস্তা, কার্টন কিংবা টিন ইত্যাদি দেখতে পেলে সেগুলোতে হাত না দিয়ে অবিলম্বে এসআরবি-কে অবহিত করার জন্য।
