‘ফায়ার ফাইটিং’ করে টেকসই স্বাস্থ্য ব্যবস্থা গড়া সম্ভব নয়: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
সংগৃহীত ছবি
রোগ বা মহামারি ছড়িয়ে পড়ার পর জরুরি ভিত্তিতে ব্যবস্থা নিয়ে স্বাস্থ্য খাতের সংকট মোকাবিলা করা গেলেও এভাবে টেকসই স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। তিনি বলেছেন, সাময়িক সংকট মোকাবিলার প্রচলিত ‘ফায়ার ফাইটিং’ পদ্ধতি থেকে বেরিয়ে চিকিৎসাকেন্দ্রিক স্বাস্থ্যসেবার পরিবর্তে রোগ প্রতিরোধভিত্তিক ব্যবস্থা গড়ে তুলতে হবে। এ জন্য স্বাস্থ্য খাতের নীতিনির্ধারণ ও মাঠপর্যায়ের পরিকল্পনায় জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের সম্পৃক্ত করা জরুরি।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে রাজধানীর মহাখালীতে জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠানের (নিপসম) অডিটোরিয়ামে এমপিএইচ ও এমফিল ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, দায়িত্ব নেওয়ার পর গত আট মাসে মন্ত্রণালয়কে বিভিন্ন সংকট মোকাবিলায় ব্যস্ত থাকতে হয়েছে। এর মধ্যে ছিল হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণ এবং ডেঙ্গু পরিস্থিতি সামাল দেওয়া। হামের প্রাদুর্ভাব মোকাবিলায় এক মাসের মধ্যে দেশের প্রত্যন্ত অঞ্চলের দুই কোটি শিশুর কাছে টিকা ও কোল্ড চেইন সুবিধা পৌঁছে দেওয়া বড় ধরনের ব্যবস্থাপনাগত চ্যালেঞ্জ ছিল।
তিনি বলেন, “এটি কোনো ক্লিনিশিয়ানের একার কাজ নয়। এর জন্য প্রয়োজন হয়েছে দক্ষ পাবলিক হেলথ স্পেশালিস্টদের নিখুঁত অপারেশনাল ও লজিস্টিক প্ল্যানিং।”
ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলার অভিজ্ঞতা তুলে ধরে আন্তর্জাতিক জনস্বাস্থ্যবিদ ড. এম এ মুহিত বলেন, হামের প্রাদুর্ভাবের পরই ডেঙ্গু মোকাবিলায় কাজ করতে হয়েছে। লার্ভিসাইড প্রয়োগ, প্রতিরোধমূলক ব্যবস্থা, হাসপাতালের শয্যা ও স্যালাইন সরবরাহ সমন্বয় এবং দ্রুততম সময়ে দেশের দুই হাজার চিকিৎসককে ডেঙ্গু চিকিৎসার হালনাগাদ প্রশিক্ষণ দেওয়ার পুরো ব্যবস্থাপনাই জনস্বাস্থ্য পরিকল্পনার অংশ।
প্রতিমন্ত্রী বলেন, “শুধু তাৎক্ষণিক সংকটে মলম লাগিয়ে বা জরুরি আগুন নেভানোর মতো কাজ করে কোনো টেকসই স্বাস্থ্য ব্যবস্থা দাঁড় করানো যায় না। আমাদের কাজে এখনো সমন্বিত প্রাতিষ্ঠানিক দৃষ্টিভঙ্গির বড় ঘাটতি রয়েছে।”
স্বাস্থ্য খাতে বিকেন্দ্রীকরণ ও কাঠামোগত সংস্কারের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, বাংলাদেশের প্রতিটি জেলা আয়তন ও জনসংখ্যার বিবেচনায় ইউরোপের অনেক দেশের সমান হলেও জেলা পর্যায়ে সমন্বিত কোনো হেলথ অথরিটি নেই। ৬৪ জেলায় অন্তত দুজন করে মোট ১২৮ জন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ নিয়োগ দিয়ে জেলা পর্যায়ে স্বাস্থ্য ব্যবস্থাপনা ও নজরদারি কার্যক্রম সাজানো গেলে পরিস্থিতির আমূল পরিবর্তন সম্ভব।
স্বাস্থ্য খাতের কেনাকাটা ও জনবল ব্যবস্থাপনার দুর্বলতা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, অতীতে হাজার কোটি টাকার কেনাকাটা হলেও সমন্বিত পরিকল্পনার অভাবে অনেক অবকাঠামো ও যন্ত্রপাতি যথাযথভাবে ব্যবহার করা যায়নি। আন্তর্জাতিক মানদণ্ডে প্রতি একজন চিকিৎসকের বিপরীতে অন্তত তিনজন নার্স থাকার কথা। কিন্তু স্বাধীনতার ৫৪ বছর পরও সরকারি খাতে এ অনুপাত প্রায় সমান—একজন চিকিৎসকের বিপরীতে একজন নার্স।
এ ধরনের কাঠামোগত দুর্বলতা কাটাতে কমিউনিটি মেডিসিন, এপিডেমিওলজি, হেলথ পলিসি ও হসপিটাল ম্যানেজমেন্টের বিশেষজ্ঞদের সমন্বিতভাবে কাজে লাগানোর ওপর জোর দেন তিনি।
সরকারের পরিকল্পনা তুলে ধরে শিক্ষার্থীদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, নির্বাচনী ইশতেহারে ‘সুস্বাস্থ্যের বাংলাদেশ’ গড়ার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তার মূল ভিত্তি প্রতিরোধমূলক ও প্রাথমিক স্বাস্থ্যসেবা জোরদার করা। এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা বাস্তবায়নে তাঁদের প্রশিক্ষণ নির্দেশিকা তৈরি এবং দেশের রোগতাত্ত্বিক বাস্তবতা বিবেচনায় রোগী প্রেরণ ও সেবা আদান-প্রদানের সমন্বিত নেটওয়ার্ক গড়ে তুলতে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের ভূমিকা রাখতে হবে।
তিনি শিক্ষার্থীদের সরকারের ২০ দফা অগ্রাধিকারমূলক স্বাস্থ্য লক্ষ্য এবং চিকিৎসাবর্জ্য ব্যবস্থাপনার মতো জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে গবেষণাভিত্তিক থিসিস করার আহ্বান জানান।
নিপসমের গবেষণা কার্যক্রম জোরদারের ওপর গুরুত্ব দিয়ে প্রতিমন্ত্রী বলেন, একসময় প্রতিষ্ঠানটির নিজস্ব গবেষণা সাময়িকী ‘জবসন’ আন্তর্জাতিক চিকিৎসা গবেষণা তথ্যভাণ্ডার ‘পাবমেড’-এ তালিকাভুক্ত ছিল। সাময়িকীটির সেই স্বীকৃতি ফিরিয়ে আনা জরুরি। পাশাপাশি ধামরাইয়ে অবস্থিত নিপসমের মাঠপর্যায়ের প্রশিক্ষণ কেন্দ্রের আবাসন ও গবেষণাগার সুবিধা আধুনিকায়ন করতে হবে, যাতে শিক্ষার্থীরা সরাসরি মাঠে কাজের অভিজ্ঞতা অর্জন করতে পারেন।
নিপসমের পরিচালক অধ্যাপক ডা. নাসরিন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য ডা. আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিল এবং স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. ফারুক আহাম্মদ।
ডা. আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন বলেন, সরকারের লক্ষ্য প্রতিরোধমূলক স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলা। বর্তমান স্বাস্থ্য প্রতিমন্ত্রী এ বিষয়টিকে গুরুত্ব দিচ্ছেন। সরকারের লক্ষ্য অর্জনে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবার বিকল্প নেই।
