ছয় শিল্পাঞ্চলে শ্রমিকদের জন্য ১০০ শয্যার হাসপাতাল নির্মাণ করবে সরকার
ছবি সংগৃহীত
শ্রমজীবী মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে দেশের ছয়টি প্রধান শিল্পাঞ্চলে ১০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত হাসপাতাল নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। প্রাথমিকভাবে গাজীপুরের টঙ্গী, আশুলিয়া, কালিয়াকৈর, নারায়ণগঞ্জ, ঢাকার সাভার ও চট্টগ্রামে একটি করে মোট ছয়টি হাসপাতাল স্থাপন করা হবে। এসব হাসপাতালে শুধু শ্রমিকদের চিকিৎসাসেবা দেওয়া হবে।
সোমবার (৯ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রথম দিনের বৈঠকে সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাসের এক অনির্ধারিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান এ পরিকল্পনার কথা জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
প্রধানমন্ত্রী বলেন, শ্রমিকদের সুচিকিৎসা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যেই দেশের গুরুত্বপূর্ণ ছয়টি শিল্পাঞ্চলে ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি বলেন, ‘বাংলাদেশের মোটামুটি যে শিল্পাঞ্চলগুলো আছে, যেমন টঙ্গী, আশুলিয়া, কালিয়াকৈর, নারায়ণগঞ্জ, সাভার ও চট্টগ্রাম—প্রাথমিকভাবে আমরা এই ছয়টি জায়গায় ১০০ শয্যার একটি করে হাসপাতাল তৈরি করব। এগুলো শুধুমাত্র আমাদের শ্রমিক ভাইদের চিকিৎসাসেবা প্রদান করবে।’
হাসপাতালগুলোর নামকরণ ও নির্মাণপ্রক্রিয়াও শ্রমিকদের বিশেষায়িত চিকিৎসাসেবার বিষয়টি বিবেচনায় রেখে করা হবে বলে জানান প্রধানমন্ত্রী।
সংসদে বক্তব্যে দেশের জ্বালানি, শিল্প ও চিকিৎসা খাতের অতীত পরিস্থিতি নিয়েও কথা বলেন তারেক রহমান। তিনি অভিযোগ করেন, বিগত স্বৈরাচারী শাসনামলে এসব খাতকে পরিকল্পিতভাবে দুর্বল ও অকার্যকর করে ফেলা হয়েছিল। দেশীয় খনিজ সম্পদের যথাযথ ব্যবহার না করে জ্বালানি খাতকে আমদানিনির্ভর করা হয়।
শিল্প খাতের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, অতীতে এমন নীতি নেওয়া হয়েছিল, যাতে দেশের শিল্পের স্বাভাবিক বিকাশ বাধাগ্রস্ত হয়। একইভাবে চিকিৎসাব্যবস্থাও ধীরে ধীরে দুর্বল করা হয়েছে। বিশেষ করে গ্রামীণ মানুষের চিকিৎসাসেবার ক্ষেত্রে আগের অগ্রগতিও নষ্ট হয়েছে। একপর্যায়ে বাংলাদেশের মানুষকে চিকিৎসার জন্য বিদেশে যেতে বাধ্য হতে হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
বর্তমান সরকারের গণতান্ত্রিক দায়বদ্ধতার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার হিসেবে সব শ্রেণি-পেশার মানুষের অধিকার ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সরকার কাজ করছে। শ্রমিকসমাজও এর বাইরে নয়।
তিনি আরও বলেন, এর আগে সংসদের একটি অধিবেশনে বিরোধীদলীয় নেতাও দেশের চিকিৎসাব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। সার্বিক পরিস্থিতি বিবেচনায় শ্রমিকদের অধিকার রক্ষা ও চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকার বিশেষায়িত হাসপাতাল নির্মাণের পরিকল্পনা নিয়েছে।
