জালিয়াতি ও শর্তভঙ্গের অভিযোগে ১৫ বছরে ৭২২ এনজিওর নিবন্ধন বাতিল
ছবি সংগৃহীত
অনিয়ম, স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে অনুদানের অর্থ আত্মসাৎ এবং সরকারি বিধিবিধান ও নিবন্ধনের শর্ত লঙ্ঘনের অভিযোগে গত ১৫ বছরে দেশের ৭২২টি বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) নিবন্ধন বাতিল করেছে এনজিওবিষয়ক ব্যুরো। ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত এসব সংস্থার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। একই সঙ্গে তাদের যাবতীয় কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দীনের এক লিখিত প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
লিখিত জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন নবায়নের আবেদন না করা, স্বাক্ষর জাল করে অনুদানের অর্থ আত্মসাৎ, নিবন্ধনের সময় দেওয়া শর্ত এবং পরবর্তী সময়ে এনজিওবিষয়ক ব্যুরোর জারি করা আইনানুগ নির্দেশ অমান্য করার মতো কারণে এসব সংস্থার নিবন্ধন বাতিল করা হয়েছে। এ ছাড়া ভুয়া বা জাল অভিপ্রায়পত্র (এলওআই) দাখিলের অভিযোগও নিবন্ধন বাতিলের অন্যতম কারণ।
এসব অনিয়মের কারণে সংশ্লিষ্ট এনজিওগুলোকে কালো তালিকাভুক্ত করার পাশাপাশি তাদের কার্যক্রম বন্ধ করা হয়েছে বলে জানান মন্ত্রী।
এনজিওবিষয়ক ব্যুরো নতুন এনজিওর নিবন্ধন দেওয়া, মেয়াদোত্তীর্ণ নিবন্ধন নবায়ন, বৈদেশিক অনুদানে পরিচালিত প্রকল্প অনুমোদন ও অর্থ ছাড়ের দায়িত্ব পালন করে। পাশাপাশি প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি পর্যবেক্ষণ ও সার্বিক কার্যক্রম তদারকিও করে সংস্থাটি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের আর্থসামাজিক উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ১৯৯০ সালে এনজিওবিষয়ক ব্যুরো প্রতিষ্ঠার পর থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে সংস্থাটি দেশে বিদেশি অনুদানপুষ্ট এনজিওগুলোর স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমের সমন্বয় করে আসছে।
তিনি আরও জানান, সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন এবং জাতিসংঘের টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অর্জনে এনজিওগুলোর উল্লেখযোগ্য অবদান রয়েছে। বিশেষ করে প্রান্তিক পর্যায়ে দারিদ্র্য বিমোচন, ক্ষুধামুক্তি, জনস্বাস্থ্য সুরক্ষা, মানসম্মত শিক্ষার প্রসার, নারী-পুরুষের সমতা প্রতিষ্ঠা, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা, নারী নির্যাতন প্রতিরোধ এবং সুপেয় পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে সংস্থাগুলো কাজ করছে।
তবে উন্নয়ন কর্মকাণ্ডে অবদান থাকলেও কোনো এনজিও বেআইনি কর্মকাণ্ডে জড়ালে তাদের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলে সংসদে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
