লিবিয়ায় মানুষ জিম্মি করে ৩৭৬ কোটি টাকার কারবার, চক্রের ৩৪ জনের সম্পদ জব্দের নির্দেশ
সংগৃহীত ছবি
ইতালিসহ ইউরোপের বিভিন্ন দেশে পাঠানোর স্বপ্ন দেখিয়ে বাংলাদেশিদের লিবিয়ায় নিয়ে জিম্মি করত একটি সংঘবদ্ধ চক্র। সেখানে নির্যাতন চালিয়ে পরিবারের কাছ থেকে আদায় করা হতো লাখ লাখ টাকা মুক্তিপণ। মানব পাচার, জিম্মি করে মুক্তিপণ আদায় ও হুন্ডির মাধ্যমে অর্থ স্থানান্তরের এই চক্রের ৩৪ সদস্যের সন্ধান পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তাদের ১১১টি ব্যাংক হিসাবে পাঁচ বছরে ৩৭৬ কোটি টাকার অবৈধ লেনদেনের তথ্য পাওয়া গেছে। আদালত এসব হিসাবের দেড় কোটি টাকা জব্দের আদেশ দিয়েছেন। পাশাপাশি চক্রটির স্থাবর সম্পত্তি দেখভালে নড়াইলের জেলা প্রশাসককে রিসিভার নিয়োগ করা হয়েছে।
সিআইডি সূত্র জানায়, ২০২০ থেকে ২০২৫ সাল পর্যন্ত পাঁচ বছরে চক্রটির সদস্যদের ব্যাংক হিসাবগুলোতে এসব লেনদেন হয়। এ ঘটনায় কাজী বিল্লাল ও রাব্বানী ফরাজিসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যরা দেশে-বিদেশে পলাতক রয়েছেন।
তদন্ত-সংশ্লিষ্ট সূত্র বলছে, চক্রটির সদস্যরা গ্রামে গ্রামে ঘুরে ইউরোপে পাঠানোর প্রলোভন দেখিয়ে মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা নিতেন। পরে তাদের লিবিয়ায় পাঠিয়ে বিভিন্ন ক্যাম্পে আটকে রাখা হতো। এরপর নির্যাতন চালিয়ে স্বজনদের কাছে পাঁচ লাখ থেকে ৭০ লাখ টাকা পর্যন্ত মুক্তিপণ দাবি করা হতো।
সিআইডির অনুসন্ধানে চক্রটির ১১১টি ব্যাংক হিসাব এবং ১৮টি প্রতিষ্ঠানের মাধ্যমে অবৈধ অর্থ লেনদেনের তথ্য পাওয়া গেছে। এর মধ্যে জুয়েল আলীর নামে রয়েছে ২৩টি ব্যাংক হিসাব। তাঁর মালিকানাধীন জে কে এন্টারপ্রাইজের চারটি, মিতু গার্মেন্টসের আটটি এবং নিজের নামে ১১টি হিসাব রয়েছে। এর একটি হিসাবেই জমা হয়েছে ৮ কোটি ৩৩ লাখ ৪ হাজার ২৩১ টাকা। এর মধ্যে উত্তোলন করা হয়েছে ৮ কোটি ৩২ লাখ ৯ হাজার ৮৮২ টাকা।
তদন্তে আরও জানা গেছে, তাঁতীবাজারের কাজী গোল্ড হাউসের সঙ্গে যুক্ত কাজী বিল্লালের নির্দেশনায় তাওহিদুল ইসলাম ও সামিম সানা সিঙ্গাপুরসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা প্রবাসীদের কাছ থেকে বৈদেশিক মুদ্রা সংগ্রহ করতেন। পরে কাজী গোল্ড হাউসের মাধ্যমে প্রবাসীদের স্বজনদের কাছে মোবাইল ব্যাংকিং ও ব্যাংক হিসাব ব্যবহার করে টাকা পাঠানো হতো।
লিবিয়ায় আটক বাংলাদেশিদের মুক্তির বিনিময়ে অর্থ আদায়ে চক্রটি কয়েকটি ব্যাংকের নির্দিষ্ট হিসাব ব্যবহার করত। পাশাপাশি লিবিয়ার মুদ্রা ও ডলার স্থানান্তরে হুন্ডির আশ্রয় নেওয়া হতো। এসব লেনদেনে প্রতি এক লাখ টাকায় ৫০০ থেকে এক হাজার টাকা পর্যন্ত কমিশন দেওয়া হতো। কমিশনের প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের ব্যাংক হিসাবও ব্যবহার করত চক্রটি।
সিআইডির তদন্ত-সংশ্লিষ্ট সূত্র জানায়, লিবিয়া ও বাংলাদেশের বিভিন্ন এলাকায় আলাউদ্দিন-আওয়াল চক্রের সদস্যরা সক্রিয়। প্রায় ১২ বছর আগে আলাউদ্দিন লিবিয়ায় যান। পরে আওয়ালের সঙ্গে মানব পাচারে যুক্ত হন। লিবিয়ায় ভুক্তভোগীদের আটকে রাখা, নির্যাতন, মুক্তিপণ আদায় এবং দেশের সদস্যদের সঙ্গে সমন্বয়ের দায়িত্ব পালন করতেন আলাউদ্দিন।
চক্রের সদস্যরা দেশের বিভিন্ন গ্রামে গিয়ে বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে লোকজন সংগ্রহ করতেন। পরে তাদের লিবিয়ায় পাঠানো হতো আওয়াল ও আলাউদ্দিনের কাছে। সেখানে আটকে রেখে নির্যাতনের পর দেশে থাকা স্বজনদের কাছ থেকে মুক্তিপণ আদায় করা হতো।
তদন্তে যুক্ত এক কর্মকর্তা জানান, লিবিয়ায় শতাধিক ক্যাম্প রয়েছে। দীর্ঘদিন ধরে এসব ক্যাম্পে মানুষকে জিম্মি করে নির্যাতন করা হয়। ভুক্তভোগীদের পরিবারের কাছ থেকে পাঁচ লাখ থেকে ৭০ লাখ টাকা পর্যন্ত মুক্তিপণ আদায়ের তথ্য পাওয়া গেছে।
সিআইডি চক্রটির সদস্যদের ব্যাংক হিসাবের পাশাপাশি স্থাবর সম্পত্তির তথ্যও সংগ্রহ করেছে। আদালতের নির্দেশে অর্থ জব্দ এবং সম্পত্তি দেখভালে রিসিভার নিয়োগের মাধ্যমে চক্রটির অবৈধ অর্থের উৎস ও লেনদেনের বিষয়ে তদন্ত এগিয়ে নেওয়া হচ্ছে।
