শূন্য খরচে মালয়েশিয়া যেতে লটারিতে ৩০০ জন নির্বাচিত
শূন্য অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় চাকরির সুযোগ পাচ্ছেন বাংলাদেশিরা। দেশটির প্রতিষ্ঠান ডিএইচএল সাপ্লাই চেইন মালয়েশিয়া এসডিএন. বিএইচডিতে ১১২ জন কর্মী নিয়োগের লক্ষ্যে লটারির মাধ্যমে প্রাথমিকভাবে ৩০০ জন প্রার্থীকে নির্বাচিত করেছে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)।
রোববার (৮ নভেম্বর) নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানায় বোয়েসেল।
প্রতিষ্ঠানটি জানায়, মালয়েশিয়ায় ১১২ জন কর্মী নিয়োগের জন্য অনলাইনে মোট ৪ হাজার ২৯টি আবেদন জমা পড়ে। এসব আবেদন থেকে স্বচ্ছ ও স্বয়ংক্রিয় ইলেকট্রনিক লটারির মাধ্যমে ৩০০ জন প্রার্থীকে প্রাথমিকভাবে নির্বাচন করা হয়।
প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের মধ্য থেকে ইন্টারভিউ ও ব্যবহারিক পরীক্ষার মাধ্যমে চূড়ান্তভাবে ১১২ জনকে নিয়োগ দেওয়া হবে।
লটারি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আহমাদুল হক। এতে সভাপতিত্ব করেন বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক।
বোয়েসেল জানিয়েছে, নিরাপদ, স্বচ্ছ ও সুশৃঙ্খল প্রক্রিয়ায় শূন্য অভিবাসন ব্যয়ে বৈদেশিক কর্মসংস্থান নিশ্চিত করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
