নতুন পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী
দেশের ২৯তম পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন সালাহউদ্দিন নোমান চৌধুরী। রোববার (৮ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগ থেকে এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসন শাখার মহাপরিচালক মো. নুরুল ইসলামের সই করা প্রজ্ঞাপনে বলা হয়, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত সালাহউদ্দিন নোমান চৌধুরী পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। জনস্বার্থে এ আদেশ অনতিবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) ১৭তম ব্যাচের কর্মকর্তা সালাহউদ্দিন নোমান চৌধুরী এর আগে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি নেপালে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। ১৯৯৮ সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেওয়া এই কূটনীতিক দিল্লি ও ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশন, নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।
উল্লেখ্য, ২০২৫ সালের ২০ জুন থেকে পররাষ্ট্র সচিবের দায়িত্বে থাকা আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে পাঠানো হচ্ছে। তার স্থলাভিষিক্ত হয়েই নতুন দায়িত্ব পেলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী।
