বাগেরহাটে বিকাশকর্মীর পাঁচ লাখ টাকা ছিনতাই
বাগেরহাটের কচুয়ায় দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে বিকাশের এক কর্মীর কাছ থেকে প্রায় পাঁচ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।
রোববার (৮ নভেম্বর) দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে কচুয়া উপজেলার সাইনবোর্ড বাজারের গোলচত্বর এলাকায় প্রকাশ্যে এ ঘটনা ঘটে।
ছিনতাইয়ের শিকার বাচ্চু শেখ (৩৫) বাগেরহাট শহরের বাসাবাটি এলাকার বাসিন্দা। তিনি একটি বিকাশ পরিবেশক প্রতিষ্ঠানের ডিস্ট্রিবিউশন সেলস অফিসার (ডিএসও) হিসেবে কর্মরত।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার দুপুরে সাইনবোর্ড বাজারে লেনদেন শেষে রাস্তা পার হওয়ার সময় দুটি মোটরসাইকেলে করে পাঁচ দুর্বৃত্ত এসে বাচ্চু শেখের পথরোধ করে। এ সময় তারা তার টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বাচ্চু ব্যাগটি ধরে রেখে চিৎকার শুরু করলে দুর্বৃত্তরা দেশীয় অস্ত্র ও চাপাতি বের করে তাকে ভয় দেখায়। একপর্যায়ে তাকে কোপাতে যায় এবং আশপাশের লোকজনকে ভয়ভীতি দেখায়। ধস্তাধস্তির একপর্যায়ে বাচ্চু রাস্তায় পড়ে গেলে দুর্বৃত্তরা নগদ প্রায় পাঁচ লাখ টাকাসহ ব্যাগটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
বিকাশ পরিবেশক প্রতিষ্ঠানের জেনারেল ম্যানেজার হুমায়ুন কবির বলেন, ‘আমাদের বিকাশের এক কর্মকর্তার কাছ থেকে আনুমানিক পাঁচ লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা।’
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন বলেন, ‘বিকাশের এক কর্মকর্তার কাছ থেকে প্রায় পাঁচ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আমরা ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছি। আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ ও পর্যালোচনা করা হচ্ছে। ছিনতাইয়ের সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।’
