ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছয় স্থানে হাতবোমা বিস্ফোরণ, আটক ৩
সন্ধ্যায় কয়েক মিনিটের ব্যবধানে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে এসব বিস্ফোরণ ঘটে।
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সন্ধ্যায় কয়েক মিনিটের ব্যবধানে অন্তত ছয়টি স্থানে হাতবোমা বা ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশ।
রোববার সন্ধ্যা ৬টা ৪২ মিনিটের দিকে এসব বিস্ফোরণ ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, টিএসসির মেট্রোরেল স্টেশনের নিচে, সিনেট ভবনসহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়।
বিস্ফোরণের পর টিএসসি মেট্রোরেল স্টেশনের নিচ থেকে দুজনকে আটক করেন শিক্ষার্থীরা। পরে তাদের ক্যাম্পাসে নিয়ে গিয়ে পুলিশকে খবর দেওয়া হয় বলে জানিয়েছেন শাহবাগ থানার ওসি মনিরুজ্জামান।
ওসি বলেন, মেট্রোরেল স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণের ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।
এদিকে, নীলক্ষেত মোড় থেকে আরও একজনকে আটকের তথ্য দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ইসরাফিল রতন। আটক ব্যক্তিদের শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ক্যাম্পাসে নজরদারি বাড়ানো হয়েছে।
এ ছাড়া আধুনিক ভাষা ইনস্টিটিউটের কাছে, ইউল্যাব স্কুলের সামনে, নীলক্ষেত মোড় ও নীলক্ষেত তোরণের কাছেও হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
বিস্ফোরণের ঘটনায় ক্যাম্পাসে নিরাপত্তা ও নজরদারি জোরদার করা হয়েছে।
