ফের মারামারি, নিউ গিনি প্রোপার্টিজে আটক ১৩
জমির মালিকানা নিয়ে বিরোধের জেরে রাজধানীর ইসিবি চত্বরের দক্ষিণ মানিকদীতে নিউ গিনি প্রোপার্টিজে আবারও দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। শনিবার বিকালে প্রথমে হট্টগোল, পরে তা সংঘর্ষে রূপ নেয়। এ ঘটনায় ১২ থেকে ১৩ জনকে আটক করে থানায় নিয়েছে পুলিশ।
ক্যান্টনমেন্ট থানার পরিদর্শক মো. আল আমিন বলেন, বিকাল ৫টার দিকে জমির মালিকানা নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ থেকে মারামারির ঘটনা ঘটে। এক পক্ষ জমির মালিকানা নিজেদের বলে দাবি করছে, অন্য পক্ষও একই দাবি করছে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়।
জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে নিউ গিনি প্রোপার্টিজে আবার হামলার অভিযোগ জানান একজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে সেখানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান পরিদর্শক আল আমিন।
সন্ধ্যা ৬টার দিকে ক্যান্টনমেন্ট থানার উপপরিদর্শক (এসআই) শিল্পী জানান, ঘটনাস্থল থেকে ১২ থেকে ১৩ জনকে আটক করে থানায় আনা হয়েছে। তাঁদের নাম-ঠিকানা তখনও নথিভুক্ত করা হয়নি।
তিনি বলেন, “মাত্রই তাঁদের নিয়ে আসা হয়েছে, এখনো তাঁদের বিষয়ে সিদ্ধান্ত হয়নি। যাচাই-বাছাই শেষে ঊর্ধ্বতনদের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”
নিউ গিনি প্রোপার্টিজে এর আগেও হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছিল। গত ২৬ সেপ্টেম্বর রাতে সেখানে হামলা চালানো হয়। ওই সময় সেখানে থাকা কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ‘ব্রাউনফিশ’ স্টুডিওতেও হামলা চালানো হয়।
ওই ঘটনায় নিউ গিনি প্রোপার্টিজের পরিচালক সাইফুল ইসলাম ভূঁইয়া ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন। মামলায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরীসহ ১৩ জনের নাম উল্লেখ করা হয়। অজ্ঞাতনামা আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়।
তখন পুলিশ জানিয়েছিল, প্রাথমিক তদন্তে জমির দখল-বেদখলকে কেন্দ্র করে বিরোধের বিষয়টি সামনে এসেছে। ওই ঘটনায় হামলার পরিকল্পনা ও সরাসরি অংশ নেওয়ার অভিযোগে এ পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে আটজন জামিনে মুক্তি পেয়েছেন।
পুলিশ ওই হামলায় জড়িত আরও কয়েকজনকে শনাক্ত করার কথা জানিয়েছিল। এর মধ্যেই একই স্থানে জমির মালিকানা নিয়ে আবারও দুই পক্ষের মারামারির ঘটনা ঘটল।
