হাম উপসর্গে ঝরল আরও চারজনের প্রাণ
দেশে হাম পরিস্থিতির উদ্বেগজনক চিত্র অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯৮৮ জনের মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। পাশাপাশি নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ৬১ জন।
শনিবার (৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ৬ নভেম্বর সকাল ৮টা থেকে ৭ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে ঢাকা বিভাগে দুজন এবং সিলেট বিভাগে দুজন।
এদিকে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৮৩ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৮৬৩ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ৭ নভেম্বর পর্যন্ত দেশে মোট ২ লাখ ৩৭ হাজার ৭০২ জনের মধ্যে সন্দেহজনক হাম শনাক্ত হয়েছে। এ সময়ে নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৪ হাজার ৩৫৫ জনে।
এ ছাড়া সন্দেহজনক হাম নিয়ে মোট ২ লাখ ১১ হাজার ৮৬৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২ লাখ ৩ হাজার ২৫৭ জন।
এই সময়ে সন্দেহজনক হাম রোগে মোট ১ হাজার ১৭৫ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি নিশ্চিত হাম রোগে মারা গেছেন ১০৫ জন।
বিভাগভিত্তিক তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সর্বোচ্চ ৪২৮ জনের মধ্যে সন্দেহজনক হাম শনাক্ত হয়েছে। এরপর চট্টগ্রামে ১৬৩ জন, সিলেটে ১৪২ জন, বরিশালে ৯৭ জন, ময়মনসিংহে ৫২ জন, খুলনায় ৪০ জন এবং রাজশাহী ও রংপুর বিভাগে ৩৩ জন করে সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন।
