ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতরে বাসে আগুন
ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতরে পার্কিং করা একটি বাসে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা।
শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। আগুনে বাসটির ভেতরের অংশ, আসন ও ইঞ্জিনের কভার পুড়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার জুমার নামাজের সময় এবং সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় কমিশনার কার্যালয় প্রায় ফাঁকা ছিল। এই সুযোগে দুর্বৃত্তরা কার্যালয়ের ভেতরে দীর্ঘদিন ধরে পার্কিং করা বাসটিতে আগুন ধরিয়ে পালিয়ে যায়। মুহূর্তেই বাস থেকে ধোঁয়ার কুণ্ডলী উঠতে থাকে এবং আগুনের তাপে জানালার কাচ ফেটে যেতে থাকে।
স্থানীয় চা-দোকানিরা প্রথমে আগুন দেখতে পেয়ে পানি দিয়ে নেভানোর চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসকে খবর দেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেল জানায়, জাতীয় রাজস্ব বোর্ডের পার্কিং করা বাসে আগুনের খবর পেয়ে দুপুর ১টা ২২ মিনিটে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় এবং ১টা ৩২ মিনিটে আগুন নিভিয়ে ফেলে।
আগুন আশপাশে ছড়াতে পারেনি এবং অন্য যানবাহন ও কার্যালয় প্রাঙ্গণের গুরুত্বপূর্ণ ভবনগুলোর কোনো ক্ষতি হয়নি। স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের তাৎপরতায় বড় ধরনের বিপর্যয় থেকে গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনাটি রক্ষা পেয়েছে।
