হাম টিকা আমদানি না করার সিদ্ধান্ত কার, জবাবদিহির মুখে দায়ীরা
সংগৃহীত ছবি
অন্তর্বর্তী সরকারের সময়ে জাতীয় টিকাদান কর্মসূচি বন্ধ রাখা এবং জরুরি প্রয়োজনে হামের টিকা আমদানি না করার সিদ্ধান্তের পেছনে কারা ছিলেন, তা খুঁজে বের করতে তদন্ত শুরু হয়েছে। এ ঘটনায় দায়ীদের জবাবদিহির আওতায় আনার ঘোষণা দিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। তিনি বলেছেন, প্রশাসনিক অবহেলা ও দায়িত্বহীনতার কারণে কোনো শিশুর জীবন ঝুঁকির মুখে পড়লে তার দায় সংশ্লিষ্ট ব্যক্তিদের নিতে হবে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে রাজধানীর শাহবাগে সুপার স্পেশালাইজড হাসপাতালে আয়োজিত একটি আন্তর্জাতিক গবেষণা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী।
ড. এম এ মুহিত বলেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণের মাত্র ১৫ দিনের মাথায় দেশে হামের নজিরবিহীন প্রাদুর্ভাব দেখা দেয়। পরিস্থিতি পর্যালোচনা করতে গিয়ে দেখা যায়, ২০২৪ সালের শেষ দিকে অথবা ২০২৫ সালের শুরুতে যে জাতীয় টিকাদান ক্যাম্পেইন হওয়ার কথা ছিল, তা তৎকালীন সরকার বাস্তবায়ন করেনি। এমনকি জরুরি পরিস্থিতি মোকাবিলায় মন্ত্রণালয়ে পর্যাপ্ত টিকার মজুতও রাখা হয়নি।
তিনি বলেন, ‘কারা এমন দায়িত্বজ্ঞানহীন সিদ্ধান্ত নিয়েছিল এবং কেন প্রয়োজনীয় টিকা আমদানি করা হলো না, তা দেশবাসীর জানা জরুরি। আমরা দোষারোপের রাজনীতি করতে চাই না। তবে দায়িত্বে থাকা ব্যক্তিদের অবহেলার কারণে কোনো শিশুর জীবন যেন অকালে ঝরে না যায়, সেটি নিশ্চিত করতে হবে।’
স্বাস্থ্য প্রতিমন্ত্রী জানান, এ ঘটনায় দায়ীদের চিহ্নিত করতে একজন বিচারক ও বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি পুরো বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখছে। তদন্তের মাধ্যমে যাঁদের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া যাবে, তাঁদের জবাবদিহির আওতায় আনা হবে।
হামের টিকার সংকট মোকাবিলায় সরকারের নেওয়া পদক্ষেপের কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, দায়িত্ব গ্রহণের পরপরই জরুরি ভিত্তিতে দেশি-বিদেশি বিভিন্ন উৎস থেকে টিকা সংগ্রহ করা হয়। মাত্র এক থেকে দুই মাসের ব্যবধানে প্রায় ২ কোটি ২০ লাখ শিশুকে টিকার আওতায় আনা সম্ভব হয়েছে। এর মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে জানান তিনি।
তরুণদের হৃদরোগ নিয়েও উদ্বেগ
এদিকে দেশে তরুণদের মধ্যে হৃদরোগের ঝুঁকি বেড়ে যাওয়ার বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী। তিনি বলেন, অতিরিক্ত মানসিক চাপ, অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস, ধূমপান এবং শরীরচর্চার অভাবে কম বয়সেই অনেকে হার্ট অ্যাটাকের শিকার হচ্ছেন। এর প্রভাব শুধু আক্রান্ত ব্যক্তির মধ্যেই সীমাবদ্ধ থাকছে না, বরং পুরো পরিবারকে বিপর্যয়ের মুখে ঠেলে দিচ্ছে।
হৃদরোগীদের চিকিৎসা ও পুনর্বাসনসেবা সহজলভ্য করার লক্ষ্যে যুক্তরাজ্য, বাংলাদেশ ও পাকিস্তানের যৌথ উদ্যোগে পাঁচ বছর মেয়াদি ‘অ্যাক্রস-বিডি’ গবেষণা প্রকল্প শুরুর কথাও জানান তিনি।
প্রতিমন্ত্রী বলেন, এ প্রকল্পের মাধ্যমে দূরদূরান্তে বসবাসকারী হৃদরোগীরা নিজ বাড়িতে বসেই সাশ্রয়ী পুনর্বাসন ও মানসিক স্বাস্থ্যসেবা পাওয়ার সুযোগ পাবেন। পাশাপাশি বাংলাদেশের আটজন তরুণ চিকিৎসক ও গবেষকের আন্তর্জাতিক পর্যায়ে পিএইচডি করার সুযোগ তৈরি হবে।
অসংক্রামক রোগ প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও তুলে ধরেন তিনি। এ বিষয়ে স্বাস্থ্যঝুঁকি, প্রতিরোধমূলক ব্যবস্থা এবং স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে জনসচেতনতামূলক প্রচার বাড়ানোর আহ্বান জানান স্বাস্থ্য প্রতিমন্ত্রী।
