মোংলা বন্দর বছরে সামলাবে ৪ লাখ কনটেইনার
সংগৃহীত ছবি
দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলার সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে ৩৩৫ দশমিক ৭৮ মিলিয়ন মার্কিন ডলার বা প্রায় ৩ হাজার ৫৯৩ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রকল্পটি বাস্তবায়িত হলে বছরে চার লাখ টিইইউ কনটেইনার হ্যান্ডলিংয়ের সক্ষমতা অর্জন করবে মোংলা বন্দর। একই সঙ্গে এটি দেশের প্রথম স্মার্ট বন্দর হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে মোংলা বন্দর কর্তৃপক্ষের ৯ নম্বর জেটিতে ‘মোংলা বন্দরের সুবিধাদির সম্প্রসারণ ও উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। সকাল ১০টায় অনুষ্ঠানস্থলে পৌঁছানোর পর আনুষ্ঠানিকভাবে প্রকল্পটির উদ্বোধন করেন তিনি।
মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নৌপরিবহন, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম, নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান, বন, পরিবেশ ও জলবায়ুবিষয়ক প্রতিমন্ত্রী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম, সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জয়নুল আবেদিন ফারুকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
এ ছাড়া চীনা প্রতিষ্ঠান সিআরসিসির চেয়ারম্যান দাই হেগেন, বাংলাদেশে চীনা দূতাবাসের অর্থনৈতিক ও বাণিজ্যিক কাউন্সেলর সং ইয়াং এবং সিসিইসিসির চেয়ারম্যান লি চংইয়াং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
দুই আধুনিক জেটি নির্মাণ, ব্যয় ৩ হাজার ৫৯৩ কোটি টাকা
বন্দর কর্তৃপক্ষের সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রকল্পটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৩৩৫ দশমিক ৭৮ মিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৩ হাজার ৫৯২ কোটি ৯০ লাখ টাকা। নির্মাণকাজ শেষ করতে সময় নির্ধারণ করা হয়েছে চার বছর।
প্রকল্পের আওতায় দুটি আধুনিক জেটি, কনটেইনার লোডিং-আনলোডিং ইয়ার্ড, বিপজ্জনক পণ্য রাখার জন্য পৃথক ইয়ার্ড এবং প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ করা হবে। এতে মোট ৪৯টি প্রয়োজনীয় যন্ত্রপাতি ও সরঞ্জাম অন্তর্ভুক্ত রয়েছে।
নতুন জেটি দুটির দৈর্ঘ্য হবে ৩৬৮ মিটার এবং প্রস্থ ৪০ মিটার। এসব জেটিতে একসঙ্গে ২০ হাজার ডেডওয়েট টন ধারণক্ষমতার দুটি জাহাজ অথবা ৫০ হাজার ডেডওয়েট টন ধারণক্ষমতার একটি জাহাজ ভেড়ানো যাবে। প্রকল্পের আওতায় মোট ২ লাখ ২৭ হাজার বর্গমিটার এলাকায় বিভিন্ন অবকাঠামো গড়ে তোলা হবে। এর মধ্যে ৮৭ হাজার ৬০০ বর্গমিটার এলাকায় বোঝাই কনটেইনার রাখার ইয়ার্ড, ৩৪ হাজার ১৭০ বর্গমিটার এলাকায় খালি কনটেইনার রাখার ইয়ার্ড এবং ৪ হাজার ২৬০ বর্গমিটার এলাকায় বিপজ্জনক কনটেইনার রাখার ইয়ার্ড নির্মাণ করা হবে। পাশাপাশি অভ্যন্তরীণ সড়ক, প্রশাসনিক ভবন ও কনটেইনার মালামাল সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র নির্মাণ করা হবে।
থাকছে ৪৯টি আধুনিক যন্ত্রপাতি
প্রকল্পে চারটি জাহাজ থেকে সরাসরি কনটেইনার ওঠানো-নামানোর ক্রেন, সাতটি আরটিজিএস, ১০টি টার্মিনাল ট্রাক্টর, ১০টি টার্মিনাল ট্রেলার, দুটি খালি কনটেইনার ওঠানো-নামানোর যন্ত্র, একটি রিচ স্ট্যাকার, একটি কনটেইনার ওজনযন্ত্র এবং একটি স্থায়ী কনটেইনার স্ক্যানারসহ আধুনিক যন্ত্রপাতি যুক্ত করা হবে।
বন্দর কর্তৃপক্ষের আশা, এসব যন্ত্রপাতি ও স্বয়ংক্রিয় ব্যবস্থার মাধ্যমে কনটেইনার ওঠানো-নামানোর কাজ আরও দ্রুত ও দক্ষতার সঙ্গে সম্পন্ন করা সম্ভব হবে। বর্তমানে যেখানে কনটেইনার হ্যান্ডলিংয়ের সক্ষমতা সীমিত, প্রকল্পটি বাস্তবায়িত হলে প্রতি ঘণ্টায় ৩০টি কনটেইনার হ্যান্ডলিং করা যাবে। বার্ষিক সক্ষমতা দাঁড়াবে চার লাখ টিইইউ।
এতে কনটেইনার সংরক্ষণের জায়গা বাড়বে, জাহাজের অপেক্ষার সময় ও পণ্য ওঠানো-নামানোর ব্যয় কমবে বলে আশা করছে কর্তৃপক্ষ।
যেভাবে বাস্তবায়নের পথে প্রকল্প
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৬ সালের ১৪ অক্টোবর চীনের রাষ্ট্রপতির বাংলাদেশ সফরকালে স্বাক্ষরিত সমঝোতা চুক্তিতে মোংলা বন্দরের সুবিধাদি সম্প্রসারণ ও উন্নয়ন প্রকল্পটি অন্তর্ভুক্ত করা হয়। পরবর্তী সময়ে ২০২১ সালের ২৬ আগস্ট চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান সিসিইসিসির সঙ্গে প্রকল্পটি জি-টু-জি পদ্ধতিতে বাস্তবায়নের লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। ২০২৫ সালের ২ ফেব্রুয়ারি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) প্রকল্পটি অনুমোদন পায়। একই বছরের ২৫ মার্চ মোংলা বন্দর কর্তৃপক্ষ ও সিসিইসিসির মধ্যে বাণিজ্যিক চুক্তি স্বাক্ষরিত হয়।
প্রকল্পের অর্থায়নে গত ২৫ জুন প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরকালে চায়না ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কো-অপারেশন এজেন্সি (সিআইডিসিএ) এবং বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের মধ্যে একটি কাঠামোগত চুক্তি স্বাক্ষরিত হয়। এর ধারাবাহিকতায় গত ১০ অক্টোবর বাংলাদেশ সরকার ও চায়না এক্সিম ব্যাংকের মধ্যে প্রায় ৩ হাজার ৫৯২ কোটি ৯০ লাখ টাকার ঋণচুক্তি স্বাক্ষরিত হয়।
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বাড়বে বিনিয়োগ ও কর্মসংস্থান
বন্দর কর্তৃপক্ষের মতে, প্রকল্পটি বাস্তবায়িত হলে মোংলা বন্দরের সঙ্গে বহুমাত্রিক পরিবহন যোগাযোগের সুবিধা কাজে লাগিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম আরও সম্প্রসারিত হবে। তৈরি পোশাক, নিট পোশাক, পাটজাত পণ্য, তাজা খাদ্যপণ্যসহ বিভিন্ন খাতের ব্যবসায়ীরা উন্নত কনটেইনার ব্যবস্থাপনার সুবিধা পাবেন।
একই সঙ্গে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে শিল্পায়ন, বিনিয়োগ ও কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হবে। চীনা বিনিয়োগ আকর্ষণের পাশাপাশি প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আঞ্চলিক বাণিজ্য ও যোগাযোগ সম্প্রসারণেও বন্দরটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
বন্দর কর্তৃপক্ষের ভাষ্য, আধুনিক অবকাঠামো ও স্বয়ংক্রিয় ব্যবস্থাপনা চালু হলে মোংলা বন্দরকে স্মার্ট বন্দরে রূপান্তরের পথ তৈরি হবে। এতে বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্যে প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়বে এবং দীর্ঘমেয়াদে জাতীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।
অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী প্রকল্প এলাকার কাছে একটি বৃক্ষরোপণ করেন। পরে দেশ ও জাতির সার্বিক উন্নতি কামনায় দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
