বিক্ষোভ দমনে ১ হাজার রায়ট গাড়ি কেনার প্রকল্প অনুমোদন
বাংলাদেশ পুলিশের অপারেশনাল সক্ষমতা বাড়ানো এবং দাঙ্গা-বিক্ষোভ নিয়ন্ত্রণে এক হাজার রায়ট গাড়ি কেনার উদ্যোগ নিয়েছে সরকার। এ জন্য ২ হাজার ২৮০ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এতে প্রতিটি গাড়ির দাম পড়বে প্রায় ২ কোটি ২৮ লাখ টাকা।
বুধবার (৪ নভেম্বর) একনেক সভায় প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়। রাজধানী ও আশপাশের শিল্পাঞ্চলে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, অবরোধ ও পুলিশের সঙ্গে সংঘর্ষের এক দিনের মাথায় পুলিশের জন্য বিপুলসংখ্যক রায়ট গাড়ি কেনার এ উদ্যোগের কথা জানা গেল।
এর আগে মঙ্গলবার (৩ নভেম্বর) ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে রাজধানীর মিরপুর, সাভারের হেমায়েতপুর ও গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে দিনভর বিক্ষোভ করেন পোশাকশ্রমিকেরা। বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এ সময় পুলিশের গাড়ি ও পুলিশ বক্সে অগ্নিসংযোগ এবং কারখানা, ব্যাংক ও যানবাহনে ভাঙচুরের ঘটনা ঘটে। এতে শ্রমিক, পুলিশ সদস্য ও সাংবাদিকেরা আহত হন।
শ্রমিকদের অবরোধে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন স্থানে জলকামান, কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে পুলিশ। শ্রমিক অসন্তোষের কারণে গাজীপুর ও সাভারের বিভিন্ন কারখানায় ছুটি ঘোষণা করা হয়।
মঙ্গলবার সকাল ৮টার দিকে মিরপুরের কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা মিরপুর-১০ নম্বর মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে মিরপুর-১০, ১১, ১২ ও ১৪ নম্বরসহ আশপাশের এলাকায় যান চলাচল ব্যাহত হয়। শ্রমিকদের সড়ক থেকে সরানোর চেষ্টা করলে বেলা সোয়া ১১টার দিকে পুলিশের সঙ্গে তাঁদের সংঘর্ষ শুরু হয়। দুপুর পৌনে ১২টা পর্যন্ত দুই পক্ষের মধ্যে দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়া চলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশ বারবার শ্রমিকদের সড়ক ছেড়ে দিতে অনুরোধ করে। একপর্যায়ে শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে শুরু করেন। পুলিশ লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। এ সময় জলকামান থেকে পানি ছোড়ার পাশাপাশি সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করা হয়। শ্রমিকেরা ছত্রভঙ্গ হয়ে গেলেও পরে আবার সংগঠিত হয়ে বিভিন্ন দিক থেকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন।
দুপুর সাড়ে ১২টার দিকে মিরপুর-১১ নম্বর মেট্রোরেল স্টেশনের নিচে পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়া হয়। এতে স্টেশনের পানির লাইন পুড়ে যায়। ঘটনার পর স্টেশনের পূর্ব পাশের একটি গেট বন্ধ রাখা হয়।
শ্রমিক আন্দোলন ও সংঘর্ষের প্রভাব পড়ে মেট্রোরেল চলাচলেও। নিরাপত্তাঝুঁকি বিবেচনায় বেলা সাড়ে ১১টার দিকে মিরপুর-১০ স্টেশনে ট্রেন থামানো বন্ধ করা হয়। কিছুক্ষণ পর কাজীপাড়া স্টেশনের গেট বন্ধ করে দেওয়া হয়। দুপুর সাড়ে ১২টার দিকে পল্লবী স্টেশনেও ট্রেন থামানো বন্ধ রাখা হয়। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানায়, নিরাপত্তাঝুঁকির কারণে তিনটি স্টেশনে ট্রেন থামানো বন্ধ রাখা হয়েছিল। পরে পর্যায়ক্রমে স্টেশনগুলো চালু করা হয়। বেলা ২টার দিকে মেট্রোরেল চলাচল পুরোপুরি স্বাভাবিক হয়।
দুপুরে পুলিশ আন্দোলনকারীদের সড়ক থেকে সরিয়ে দিলে মিরপুর এলাকায় যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার মহিদুল ইসলাম সাংবাদিকদের বলেন, জনভোগান্তি কমাতে পর্যাপ্ত পুলিশ সদস্য ও কর্মকর্তা নিয়ে সড়ক পরিষ্কার করা হয়েছে। এ সময় সাউন্ড গ্রেনেড ও বাঁশি ব্যবহার করা হলেও লাঠিপেটা করা হয়নি। কাউকে আটক করা হয়নি এবং পুলিশের কোনো সদস্য আহত হননি।
